
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ০৯ জুন ২০২৪ | প্রিন্ট | ৯০ বার পঠিত | পড়ুন মিনিটে

নির্মাণ ব্যবসা, নির্মাণ শ্রমিক, কাঠমিস্ত্রি, কাঠের কাজ-সহ যেসব সেক্টরে শ্রমিকের ঘাটতি রয়েছে, সেগুলোতে কাজের মাধ্যমে গ্র্যাজুয়েশনের সুযোগ পাবেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা। এমন একটি সুযোগ তৈরী করতে কানাডা পার্লামেন্টে শীঘ্রই একটি বিল উত্থাপনের ইঙ্গিত দিয়েছেন কানাডার ইমিগ্রেশন মন্ত্রী মার্ক মিলার। শ্রমিক-ঘাটতি থাকা সেক্টরের সাথে সঙ্গতিপূর্ণ বিষয়ে অধ্যয়নরত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ওয়ার্ক পারমিটের মাধ্যমে বৈধভাবে কাজের সুযোগ পাবেন। অর্থাৎ উচ্চশিক্ষার খরচ পুষিয়ে নেয়ার বহুল প্রত্যাশিত একটি সুযোগ সৃষ্টি করা হচ্ছে বলেও কানাডার এই মন্ত্রী উল্লেখ করেছেন। শুধু তাই নয়, কানাডার শ্রমিক ঘাটতি পুষিয়ে নেয়ার পাশাপাশি যারা ভালো রেজাল্ট দেখাবে-তাদেরকে কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়ার কথাও ভাবছে নীতি-নির্দ্ধারকরা।
কানাডার বহুল জনপ্রিয় দৈনিক ‘দ্য স্টার’ ৮ জুন সংবাদটি প্রকাশ করেছে। পোস্ট গ্র্যাজুয়েশনের জন্যে মূলত ওয়ার্ক পারমিট দেয়ার বিধি করা হচ্ছে। এবং কী ধরনের বিধি তৈরী করলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উচ্চ শিক্ষার ক্ষেত্র আরা প্রসারিত হবে, কানাডার অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন-ইত্যাদি পরামর্শ চেয়ে ভার্সিটি সমূহে একটি সার্কূলার বিতরণ করা হয়েছে। অর্থাৎ বাস্তবতার আলোকে নয়া এ বিধি তৈরীতে আগ্রহী কানাডা প্রশাসন। এক্ষেত্রে কানাডার শ্রম-বাজারের ওপর গভীর পর্যবেক্ষণ রাখা সংস্থাসমূহের পরামর্শও নেয়া হবে। দীর্ঘদিন যাবত শ্রমিকের ঘাটতি বিরাজ করছে-এমন সেক্টরকে বিশেষভাবে চিহ্নিত করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দ্বারা সেই ঘাটতি পূরণের প্রয়াস চালানো হবে বলেও নীতি-নির্দ্ধারকদের উদ্ধৃদি দেয়া হয়েছে প্রকাশিত সংবাদে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সর্বশেষ ২০০৮ সালের এপ্রিলে কানাডার পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট প্রোগ্রামে পরিবর্তন সাধন করা হয়েছে। সে অনুযায়ী অধ্যয়নরতদেরকে সর্বোচ্চ ৩ বছরের জন্যে ওয়ার্ক পারমিট দেয়া হচ্ছে। এই সময় নির্ভর করে অধ্যয়নের বিষয়ের ওপর অর্থাৎ গ্র্যাজুয়েশনের জন্যে যতটা সময় লাগে। সে ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সেক্টরের কথা ছিল না। বর্তমানের পরিকল্পনা অনুযায়ী শুধু ঘাটতি থাকা সেক্টরকেই প্রাধান্য দেয়া হবে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে।



