
লাবলু আনসার | মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ | প্রিন্ট | ১০২ বার পঠিত | পড়ুন মিনিটে

ভয়ংকর তাপদাহ ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রে। ঈদের পরদিন থেকে যুক্তরাষ্ট্রের মধ্য দক্ষিণ এবং পূর্বাঞ্চল থেকে সৃষ্ট তাপদাহ নিউইয়র্কসহ উত্তর-পূর্বাঞ্চল বিস্তৃত হয়ে কানাডায় ধাবিত হবে এবং তা ১০০ ডিগ্রি ফারেনহাইটের ওপরে উঠবে। ১০ থেকে ১৫ কোটি আমেরিকানকে অসহনীয় গরম সহ্য করতে হবে। গৃহহীন এবং কৃষি সেক্টরের শ্রমিকসহ ঘরের বাইরের নির্মাণ-কর্মীদেরকে খুবই সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে জাতীয় আবহাওয়া দফতরের বুলেটিনে।
উল্লেখ্য, গত মে পর্যন্ত টানা ১২ মাসই যুক্তরাষ্ট্রের তাপমাত্রা ছিল আগের যে কোন সময়ের তুলনায় অচেনা। তাপদাহ লাগাতারভাবে চলতে থাকায় অনেক আমেরিকান জটিল রোগে আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের মত কানাডায়ও ভয়ংকর তাপদাহ অব্যাহত থাকবে বলে আশংকা করা হয়েছে। আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঈদের দিন অর্থাৎ রোববার তাপদাহ ৯০ ডিগ্রির ওপর উঠবে দক্ষিণ ও মধ্যপশ্চিমাঞ্চলে। এর কবলে পড়বে যুক্তরাষ্ট্রের ৮২% অধিবাসী। শিকাগো, সেন্ট লুইস, ন্যাশভিলে, সিনসিনাটি, পিটসবার্গ, আটলান্টা, ওয়াশিংটন ডিসি থেকে নিউইয়র্ক পর্যন্ত বিস্তৃত এলাকার মানুষেরা শুক্রবার পর্যন্ত লাগাতারভাবে ৯৫ ডিগ্রি ফারেনহাইটের অধিক তাপমাত্রার কবলে পড়বে বলে শনিবার আবহাওয়া দফতরের বুলেটিনে আশংকা করা হয়েছে।
ইতিমধ্যেই দক্ষিণের মরু অঞ্চল তথা আরিজোনা এবং নিউ মেক্সিকো স্টেট নিদারুণ খরতাপে নিপতিত হয়েছে। এসব অঞ্চলে সাধারণত ১০৫ ডিগ্রি থেকে ১১৩ ডিগ্রি পর্যন্ত প্রবাহিত হয় প্রায় প্রতিটি গ্রীষ্মেই। এবার সে রেকর্ড ছাড়িয়ে যাবে আসছে শনিবার থেকে। এদিকে, লিটল রোক থেকে আটলান্টা পর্যন্ত সাম্প্রতিক গ্রীষ্মে সর্বোচ্চ ৭৫ ডিগ্রি তাপমাত্রা প্রবাহিত হলেও, সামনের সপ্তাহে ৯৫ ডিগ্রির অধিক থাকবে। একইভাবে ঈদের দিন রোববারের পর তা উত্তর ও পূর্বদিকে ধাবিত হয়ে সোমবার ওহাইয়ো ভ্যালি মাড়িয়ে মঙ্গলবার উত্তর-পূবাঞ্চলীয় আমেরিকা-কে গ্রাস করবে। এবং তা স্মরণকালের ভয়ংকর তাপদাহ হিসেবে চিহ্নিত হবে ওহাইয়ো ভ্যালি, গ্রেট লেইকস, উত্তর-পূর্ব, মিড-আটলান্টিক এবং দক্ষিণ-পূর্ব কানাডায়।
জাতীয় আবহাওয়া দফতর সামনের শনিবারের মধ্যেই ‘তাপ সতর্কতা’ জারি করবে এবং তা চিহ্নিত হবে তাপদাহের ঝুঁকির ০-৪ ইনডেক্স। অর্থাৎ সে সময় শারীরিকভাবে দুর্বল এবং নারা রোগে আক্রান্তদেরকে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অবস্থানের পরামর্শ দেয়া হবে। ঘরের বাইরের শ্রমিকের জন্যে তা হবে খুবই বিপজ্জনক। গৃহহারা এবং প্রবীনরাও থাকবেন ঝুঁকিতে। অর্থাৎ শীতাতপ নিয়ন্ত্রণের বাইরে অবস্থান করাটা হয়ে পড়বে চরমভাবে বিপজ্জনক। অসহনীয় এমন তাপদাহ দিন-রাত সমানভাবে বিরাজ করতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর গ্রীষ্মে তাপদাহের কবলে পড়ে ২৩ শতাধিক আমেরিকানের মৃত্যু হয়েছে। এবার সে সংখ্যা ছাড়িয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে। মার্কিন স্বাস্থ্য এবং মানবসেবা দফতরের জলবায়ু পরিবর্তন এবং চিকিৎসা-সমতা বিষয়ক পরিচালক ড. জন ব্যালবাসের মতে, জলবায়ু পরিবর্তনের ভয়ংকর আলামতের অংশ ক্রমান্বয়ে দৃশ্যমান হচ্ছে, যার খেসারত দিতে হচ্ছে মানবজাতিকেই। এহেন অবস্থা থেকে পরিত্রাণে যথাযথ পদক্ষেপ নিয়ে কালক্ষেপণের অবকাশ থাকতে পারে না।



