
বিশ্ব ডেস্ক | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ | প্রিন্ট | ৭৩ বার পঠিত | পড়ুন মিনিটে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দিনের সফরে ভিয়েতনামে পৌঁছেছেন। এর আগে পুতিনকে বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
এদিকে পুতিনের সফর উপলক্ষে ভিয়েতনামের ‘নিহান দ্যান’ নামের একটি সংবাদপত্রে তার লেখা একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে তিনি ইউক্রেন সংকটে ভিয়েতনাম ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়ায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রবন্ধে পুতিন লেখেন, ‘ইউক্রেন সংকটে ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করার আমরা আমাদের ভিয়েতনামের বন্ধুদের প্রতি কৃতজ্ঞ।’
ভিয়েতনামে এটা পুতিনের পঞ্চম সফর। সফরে তার সঙ্গে উচ্চপর্যায়ের একটি রুশ প্রতিনিধিদল রয়েছে। তারা ভিয়েতনামের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে তারা উভয় দেশের আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলবে। বিশেষ করে শান্তি, সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে।
এর আগে স্থানীয় সময় বুধবার (১৯ জুন) প্রথম প্রহরে একটি উড়োজাহাজে করে দু’দিনের সফরে উত্তর কোরিয়ার যান পুতিন।



