
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | সোমবার, ০৮ জুলাই ২০২৪ | প্রিন্ট | ১৯৫ বার পঠিত | পড়ুন মিনিটে

জামালপুর তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠির সামগ্রিক কল্যাণে নিরন্তরভাবে কাজের মধ্যদিয়ে সারা বাংলাদেশের উন্নয়ন-অভিযাত্রায় কিভাবে নিজেকে উদ্ভাসিত করেছেন সে প্রসঙ্গের অবতারণা করে ৭ জুলাই রাতে নিউইয়র্কে প্রবাসী জামালপুরবাসী প্রদত্ত এক নাগরিক সংবর্ধনা সমাবেশে মির্জা আজম এমপি বলেন, আসলে আমরা জনপ্রতিনিধি। আজকে যে অবস্থায় এসেছি সেখানে নিয়ে এসেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা। আজকে জামালপুরের যে উন্নয়ন করেছি, সমস্ত উন্নয়নের মূল ব্যক্তি হলেন প্রিয় নেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি রাজনৈতিকভাবে আমাকে এ পর্যায়ে এনেছেন। মির্জা আজম বলেন, টানা ৪৭ বছর এই রাজনীতির সাথে আছি। কোনো গ্যাপ নেই। আমি জামালপুর জেলা ছাত্রলীগের নেতৃত্ব থেকে জেলা যুবলীগের নেতৃত্বে অধিষ্ঠিত হয়েছি। পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেই জায়গা থেকে আমাকে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলনে তিনবার নির্বাহী সদস্য এবং গত সম্মেলনে গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। শুধু তাই নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা বিভাগের দায়িত্ব দিয়ে তিনি (শেখ হাসিনা) আমাকে বর্তমান অবস্থানে এনেছেন। মির্জা আজম তার প্রতি নেতৃর অপরিসীম স্নেহ আর মমতার প্রসঙ্গে বলেন, বিরোধি দলের হুইপ এবং সরকারী দলের হুইপের মর্যাদার পর একবার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগও দিয়েছেন। ২০১৪ সাল থেকে ৫ বছর অত্যন্ত নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করেছি। অর্থাৎ রাজনৈতিকভাবে যে মেধা আর যোগ্যতা আমার মধ্যে দেখেন না কেন এবং আমার জেলা জামালপুরের যত উন্নয়ন দেখেন-উভয়ের কৃতিত্ব আমার নেত্রী শেখ হাসিনা এবং আমার এলাকার মানুষদের। তারা টানা ৭ বার আমাকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী করেছেন। টানা ৩৪ বছর তাদের সমর্থনে আমি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি।

মির্জা আজম বলেন, ১৯৯১ সালে সর্বপ্রথম এমপি হয়েছি সর্বকনিষ্ঠ একজন হিসেবে। সে সময় বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপির মহাসচিব ছিলেন জামালপুরেরই সন্তান ব্যারিস্টার সালাম তালুকদার। জামালপুরের উন্নয়ন নিয়েই তার সাথে বিরোধ সূচিত হয় এবং পরবর্তীতে অনেক অঘটন তিনি ঘটিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে সকল গণমাধ্যমে আমার নাম ফলাও করে প্রচার ও প্রকাশিত হয়েছে। এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদের ইতিহাসে আমিই প্রথম অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছিলাম সালাম তালুকদারের বিরুদ্ধে। সে সংবাদও জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রচার পেয়েছিল। মির্জা আজম বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী দলে থাকাবস্থায়ও আওয়ামী লীগের প্রধান চালিকাশক্তি ছিল যুবলীগ। সে সময় রাজপথে লড়াই-আন্দোলন-সংগ্রাম এবং ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের নেপথ্যেও অগ্রণী ভূমিকায় ছিল যুবলীগ। সে কারণে দেশ-বিদেশে আমার নামটি বেশী পরিচিতি পেয়েছে। জামালপুর মানে মির্জা আজম আর মির্জা আজম মানে জামালপুর-ওৎপ্রোতভাবে জড়িত হয়েছে সে কারণেই।
মির্জা আজম উল্লেখ করেন, ২০১৪ সালের নির্বাচনের পর আমাকে যখোন পাট প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়, প্রথম সপ্তাহেই জামালপুরের অপর ৪ জন এমপিকে নিয়ে বৈঠকে মিলিত হয় এবং জামালপুরের সামগ্রিক উন্নয়নের একটি রোডম্যাপ তৈরী করি। সেই পরিকল্পনাগুলো ৫ বছরের মধ্যে সম্পাদনের একটি কর্মসূচিও গ্রহণ করেছিলাম। সে অনুযায়ী যখোন যে কাজের জন্যেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি, সেই প্রকল্পের অনুমোদন তিনি দিয়েছেন। তার সুফল হিসেবে শুধু আমার নির্বাচনী এলাকা নয়, সারা জেলার উন্নয়নে কাজের সুযোগ পেয়েছি। বলতে দ্বিধা নেই, আমাদের নেত্রীর সুবাদে ৫০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অনুমোদন পেয়েছি জামালপুর জেলার জন্যে। মির্জা আজম উল্লেখ করেন, ১৯৯১ সালে আমি সর্বকনিষ্ঠ এমপি থাকতে সংসদে বাজেট পাশ হয়েছিল ১৩ হাজার কোটি টাকার। সেটি ছিল সারাদেশের বাজেট।

অপরদিকে, ২০১৫ সালে আমি যখোন একটি প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী সমীপে পেশ করেছিলাম, সেটি ছিল ১২ হাজার কোটি টাকার, জামালপুরের উন্নয়নে। সেটি হচ্ছে জয়দেবপুর-জামালপুর ডাবল রেল লাইন। সেই প্রকল্প বাস্তবায়িত হলে জামালপুর-ঢাকার মধ্যেকার দূরত্ব হবে এক ঘন্টা ৪০ মিনিটের। এরপর জামালপুরের কোন মানুষকে ঢাকায় এপার্টমেন্ট/বাসা ভাড়া করে থাকার প্রয়োজন হবে না। মির্জা আজম বলেন, এভাবেই জামালপুরের উন্নয়ন পরিক্রমায় আবর্তিত হচ্ছে গোটা দেশের উন্নয়ন-যা সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্ব গুণে।
বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের সভাপতিত্বে এই সম্বর্ধনা সমাবেশে বিশেষ সম্মানীত অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মো. নাজমুল হুদা। ফরিদ আলমের সঞ্চালনায় মির্জা আজমের সুদূর প্রসারি নেতৃত্বে কীভাবে পাল্টে গেছে জামালপুর, তা নিয়ে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, কম্যুনিটি লিডার সালেহ শফিক গেন্দা, শাহাদৎ হোসেন বাবু, মোর্শেদা জামান, আশরাফুজ্জামান, জিল্লুর রহমান, খন্দকার আবু মুরাদ, সাইদুর রহমান শেলী, অজিৎ ভৌমিক, নাসির ইকবাল, খন্দকার মারুফ, আলমগীর খান আলম, রবিউল ইসলাম শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, মশিউর রহমান জাস্টিস, আবুবকর সিদ্দিক, আব্দুস সামাদ আজাদ প্রমুখ। জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান টেরেসের মিলনায়তনে সর্বস্তরের প্রবাসীর এ সমাবেশে জামালপুরের উন্নয়নে অসাধারণ অবদানের জন্যে মির্জা আজমকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বিপুল করতালির মধ্যে। উল্লেখ্য, পারিবারিক সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
১০ জুলাই তিনি ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের প্রাক্কালে প্রবাসের বীর মুক্তিযোদ্ধাদের সাথেও এক প্রীতি সম্মিলনে যোগদান করবেন। এটি ৯ জুলাই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে।



