
বিশ্ব ডেস্ক | বুধবার, ০৩ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ১০৫ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, আজ আমাদের প্রতিনিধিদল, যার জন্য আমি খুব গর্বিত- তাইওয়ানে এসেছে দ্ব্যর্থহীনভাবে এটা জানাতে যে, তাইওয়ানের প্রতি করা প্রতিশ্রুতি থেকে আমরা নড়বো না এবং আমরা আমাদের এই অটুট বন্ধুত্বের জন্য গর্বিত। বুধবার (৩ আগস্ট) তাইওয়ানের রাজধানী তাইপের প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে জড়ো হওয়া জনতার উদ্দেশে পেলোসি এসব কথা বলেন। খবর বিবিসি অনলাইন ও আল-জাজিরার।
তিনি বলেন, অন্য যেকোনো সময়ের চেয়ে এখন তাইওয়ানের প্রতি আমেরিকার সংহতি খুব গুরুত্বপূর্ণ এবং এই বার্তাটিই আজকে আমরা এখানে নিয়ে এসেছি।
এর আগে ‘তাইওয়ানের একজন ভালো বন্ধু’ হিসেবে নিজেকে সম্মানিত বোধ করছেন জানিয়ে তাইওয়ানের ডেপুটি স্পিকারের উদ্দেশে পেলোসি বলেন, এই সফরের তিনটি উদ্দেশ্য আছে। প্রথম হলো নিরাপত্তা, আমাদের জনগণ এবং বিশ্বের জন্য নিরাপত্তা। দ্বিতীয় অর্থনীতি, যতটা সম্ভব সমৃদ্ধি ছড়িয়ে দেওয়া এবং তৃতীয় শাসন।
উল্লেখ্য, বেইজিংয়ের তরফে কয়েকবার হুশিয়ারি ও সতর্কবার্তা উপেক্ষা করেই স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট) রাত পৌনে ১১টায় পৌঁছান স্পিকার ন্যান্সি পেলোসি। তার এ সফরের প্রতিবাদে এরই মধ্যে তাইওয়ান দ্বীপের চারপাশে সবদিক থেকে নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে যৌথ সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন। ৪ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত এ মহড়া চলবে বলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে। সেইসঙ্গে তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করারও ঘোষণা দিয়েছে বেইজিং। এর অংশ হিসেবে দ্বীপটিতে বালু রপ্তানি স্থগিত করা হয়েছে।



