
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৭১ বার পঠিত | পড়ুন মিনিটে

ফলাফল নির্ধারণী ৭ স্টেটে কমলা হ্যারিসের বিজয় নিশ্চিতে মাঠে নামছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালনকারী ওবামা প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা প্রেসিডেন্ট প্রার্থী কমলার পক্ষে মাঠে নামার ঘোষণা আসার পরই পাল্টে যেতে শুরু করেছে সকল হিসাব-নিকাষ। ১০ অক্টোবর তিনি পেনসিলভেনিয়ার পিটসবার্গে নির্বাচনি সমাবেশে বক্তব্যের মাধ্যমে ৫ নভেম্বরের আগ পর্যন্ত তা অব্যাহত রাখবেন বলে ৪ অক্টোবর প্রাপ্ত সর্বশেষ সংবাদে জানা গেছে।
উল্লেখ্য, বিজয় নির্ধারণী অপর স্টেটগুলো হচ্ছে-আরিজোনা, নেভাদা, উইসকনসিন, মিশিগান, নর্থ ক্যারলিনা এবং জর্জিয়া।
এই ৭ স্টেটে সাম্প্রতিক জরিপে ডোনাল্ড ট্রাম্পের সাথে কমলা হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাবার পরই ওবামা সশরীরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। গত আগস্টে ডেমক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে বারাক ওবামা কমলাকে বিজয়ে সর্বাত্মক সহযোগিতার অঙ্গিকার করেন। সে বক্তব্যের সময়েও আমেরিকানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন, এবারের নির্বাচনে কমলাকে বিজয়ের বিকল্প নেই। অন্যথায় আমেরিকার গণতন্ত্র হুমকির মুখে নিপতিত হবে।
ওবামা বলেছেন, কমলার বিগত দিনগুলোর ওপর গভীর পর্যবেক্ষণে আমি নিশ্চিত হয়েছি যে, তিনি কখনো নিজের স্বার্থ দেখেন না, সবসময় আমেরিকানদের কল্যাণের কথা ভাবেন। তাই প্রেসিডেন্ট হতে পারলেও আমেরিকার সার্বিক কল্যাণেই নিবেদিত থাকবেন। ওবামা বলেছেন, কমলাকে বিজয় মুকুট পরানো পর্যন্ত সচেতন আমেরিকানদের সরব থাকা জরুরি।
ওবামা (৬৩) দীপ্ত প্রত্যয়ে উল্লেখ করেন, আমেরিকার নীতি-নৈতিকতায় বিশ্বাসী সবাইকে কমলার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা আমরা গোটাবিশ্বে আমেরিকার নেতৃত্ব অটুট রাখতে চাই তাদেরকে সবকিছুর উর্ধ্বে উঠতে হবে। এ ব্যাপারে কালক্ষেপণের অবকাশ থাকতে পারে না। ভুল করাও চলবে না। নির্বাচনটি হবে চূড়ান্ত রকমের একটি যুদ্ধ, ব্যালট যুদ্ধে আমেরিকাকে বিজয় দিতে হবে।



