
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ২১ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ৮৬ বার পঠিত | পড়ুন মিনিটে

চিত্রশিল্পী এবং ইলাস্ট্রেটর হিসেবে বিশ্বব্যাপী মর্যাদাসম্পন্ন এ বছরের পুলিৎজার পুরস্কার পেয়েছেন বাংলাদেশি আমেরিকান ফাহমিদা আজিম। ‘আমি একটি চীনা বন্দিশিবির থেকে পালিয়ে এসেছি’ (I Escaped A Chinese Internment Camp) নামে বইয়ের ইলাস্ট্রেশনের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। বইটি প্রকাশ করেছে ইনসাইডার।
৬ বছর বয়সে মা-বাবার সাথে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এসে লেখাপড়া শুরুর সময়েই ফাহমিদার স্বপ্ন ছিল খ্যাতনামা একজন চিত্রশিল্পী হবার। সেভাবেই বেড়ে উঠেছেন উচ্চতর ডিগ্রি গ্রহণের মধ্য দিয়ে। লেখাপড়া করেছেন কম্যুনিকেশন্স আর্টে এবং বর্তমানে তিনি ওয়াশিংটন স্টেটের সিয়াটলে একটি কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে চাকরি করছেন। তার আগ্রহ হচ্ছে বাস্তব জীবনে মানুষের বিশেষ বৈচিত্রময় জীবন-যাপনের ওপর। সে থিমকে কাজে লাগিয়েই ফাহমিদা আঁকেন এবং লিখেন। এমনকি সে সব বিশেষ বৈশিষ্টের মানুষদের খাদ্যাভাসকেও তিনি তার চিত্রে উদ্ভাসিত করেন।
এই প্রথম কোনো বাংলাদেশি অথবা বাংলাদেশি আমেরিকান পুলিৎজার পুরস্কার অর্জনে সক্ষম হলেন। এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাফিজ বিন জাফর ২০০৭ সালে অস্কার পুরস্কার জিতেছেন। নাফিজ হচ্ছেন সফটওয়্যার প্রকৌশলী এবং অ্যানিমেশন বিশেষজ্ঞ। ফাহমিদা আজিম এর আগে ‘সামিরা সার্ফ’ ইলাস্ট্রেশনের জন্যে এ বছরই ‘গোল্ডেন কাইট’ পুরস্কার জয় করেন।
২০২০ সালে ‘মুসলিম উইমেন আর এ্যাভরিথিঙ্কস’, ২০২১ সালে ‘আমিরার পিকশ্চার ডে’ গ্রন্থের প্রচ্ছদ করার জন্যেও পুরস্কার লাভ করেন। তার চেতনায় সব সময় উজ্জীবিত থাকে মুসলিম নারীদের অধিকার ও মর্যাদা। ইতিপূর্বে তার ইলাস্ট্রেশন ছাপা হয় নিউইয়রর্ক টাইমস, দ্য নিউইয়র্কার, সায়েন্টিফিক আমেরিকান, দ্য ইন্টারসেপ্ট, এন্টারটেইনমেন্ট উইকলিতে। ফাহমিদা ‘মেগা মেঘা’ নামক একটি উপন্যাস লিখছেন, যার ইলাস্ট্রেশন নিজেই করবেন।
কালচার, আইডেন্টিটি এবং কানেকশন হচ্ছে ফাহমিদার কাজের মূল চেতনা এবং তা নিবন্ধিত থাকে মুসলিম নারীগণের প্রতি। অর্থাৎ বহুজাতিক এ সমাজে মুসলমানদের বিশেষ এক মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে ফাহমিদা প্রয়াস অব্যাহত থাকবে।



