
প্রতিদিন ডেস্ক | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | ৬৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে

চলতি মাসের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও যুক্তরাজ্যের লন্ডনে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরসঙ্গীর তালিকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও রয়েছেন।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর লন্ডন, নিউইয়র্ক ও ওয়াশিংটন সফরের বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করেছে। আর তাতেই প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের বিষয়টি উল্লেখ রয়েছে।
আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ওই সফরের কথা রয়েছে। জাতিসংঘ আসন্ন ৭৭তম সাধারণ পরিষদে উচ্চপর্যায়ের আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফর করেন। এই সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যাননি। এ নিয়ে নানা ধরনের আলোচনা হয়। বিশেষ করে ভারত নিয়ে তার সাম্প্রতিক কিছু মন্তব্য নতুন করে আলোচনায় আসে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হঠাৎ অসুস্থতার কারণে ভারত সফর করেননি পররাষ্ট্রমন্ত্রী।



