Advertisement Placeholder

পুলিশের বাধার মুখে নাইটিংগেল মোড়ে অবস্থান নিয়ে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুলিশের বাধার মুখে নাইটিংগেল মোড়ে অবস্থান নিয়ে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ভিআইপি সড়কে যান চলাচল বন্ধ করে কাঁটাতারের ব্যারিকেড দিয়েছে পুলিশ। বিএনপি কার্যালয়ে ঝোলানো হয়েছে তালা। কার্যালয়ে ঢুকতে না পেরে ফিরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় রাজধানীর বিজয়নগরের নাইটিংগেল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মীরা।

এ সময় তাদের ‘জিয়ার সৈনিকরা এক হও লড়াই করো’, ‘পুলিশের বাধা মানি না মানবো না’, ‘জেগেছে রে জেগেছে জিয়ার সৈনিকরা জেগেছে’-এমন বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

সেখানে অবস্থান নেওয়া নেতাকর্মীরা বলছেন, একটি সভ্য দেশে এটা মানা যায় না। সমাবেশ বন্ধের পাঁয়তারা চলছে। কিন্তু আমাদের সমাবেশ পল্টনেই হবে।

শহিদুল নামে যুবদলের এক কর্মী বলেন, সমাবেশ পল্টনে হতে দেবে না পুলিশ। পুলিশের যুক্তি যানজট, যানচলাচল বিঘ্নিত হবে। জননিরাপত্তা ব্যাহত হবে। কাল (৭ ডিসেম্বর) বিএনপি নেতাকর্মীদের কীভাবে মারধর করা হয়েছে, হামলা চালানো হয়েছে। আজ (৮ ডিসেম্বর) পুলিশই সড়ক বন্ধ করেছে, দলীয় কার্যালয়ে ঝুলিয়েছে তালা। গণতান্ত্রিক একটি দেশে এই চিত্র অগণতান্ত্রিক।

এ সময় বার বার পুলিশকে বিএনপি নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দিতে দেখা যায়।

এ বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) বিপ্লব কুমার সরকার বলেন, বিএনপির কার্যালয় থেকে কাল (৭ ডিসেম্বর) অনেক বিস্ফোরক, বোমা উদ্ধার হয়েছে। নাশকতার চেষ্টা হয়েছে। যে কারণে নিরাপত্তার স্বার্থে নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত যানচলাচল ও সর্বসাধারণের চলাচল সীমিত করা হয়েছে।

এদিকে, নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ৭ ডিসেম্বর সংঘর্ষের ঘটনায় একটি মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার