Advertisement Placeholder

করোনা সত্ত্বেও মার্কিন শ্রম-সেক্টরে অভিবাসীর সংখ্যা বেড়েছে ২০ লাখ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

করোনা সত্ত্বেও মার্কিন শ্রম-সেক্টরে অভিবাসীর সংখ্যা বেড়েছে ২০ লাখ

করোনার আগের বছরের তুলনায় বর্তমানে যুক্তরাষ্ট্র শ্রম-সেক্টরে অভিবাসীর সংখ্যা বেড়েছে ২০ লাখের মত। অর্থাৎ ২০১৯ সালে ছিল ২৭.৭ মিলিয়ন, এখন হয়েছে ২৯.৬ মিলিয়ন। ইউএস সেনসাস ব্যুরোর তথ্য পর্যালোচনার পর ‘সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজ’ বুধবার ২০ ডিসেম্বর এ তথ্য প্রকাশ করেছে। সেখানে আরো দাবি করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১৪.৭৪% হচ্ছেন অভিবাসী। ১৮৯০ সালে এ হার ছিল ১৪.৭৭%। বিরাটসংখ্যক এই অভিবাসীর মধ্যে ৬.২% এর আগমণ ঘটেছে ২০২০ সাল থেকে। চলতি শতাব্দিতে এসেছে মোট অভিবাসীর আরো ২৭%।

উপরোক্ত গবেষণা-পর্যালোচনা জরিপের পরিচালক স্টিভেন এ ক্যামেরোটা বলেন, ৩ বছর আগের তুলনায় শ্রম-সেক্টরে জন্মগতভাবে আমেরিকান শ্রমিকের সংখ্যা কমেছে ২১ লাখের মত। উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিরোধী পদক্ষেপের কট্টর সমর্থক হিসেবে ‘সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজ’র বদনাম রয়েছে। তবে এই জরিপ-পর্যালোচনার ভিত্তি ছিল সেনসাস ব্যুরোর তথ্য। আরো উল্লেখ্য, ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস, সিএনএন’র মত গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে বাইডেন প্রশাসনের উদ্ধৃতি দিয়ে প্রচার/প্রকাশ করা হয়েছে যে, শ্রম-সেক্টরের সংকট সমাধানে অধিকসংখ্যক বিদেশী শ্রমিকের প্রয়োজন।

বিশেষ করে ট্রাম্প আমলের কিছু পদক্ষেপের পরিপ্রেক্ষিতে করোনাকালিন সময় থেকেই অভিবাসনের হার কমেছে। অস্থায়ী ভিসায় আগত শ্রমিকের সংখ্যাও কমেছে। পারিবারিক কোটায় দক্ষ-অদক্ষ শ্রমিকের আগমণের পরিক্রমাও থমকে দাড়িয়েছে। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোমি পাওয়েলও একাধিকবার উল্লেখ করেছেন যে, শ্রমিক সংকট লাঘবে অস্থায়ী শ্রমিক-ভিসার পরিমাণ বাড়ানো দরকার। করোনাকালে শ্রম-সেক্টর থেকে কমপক্ষে ১০ লাখ শ্রমিক নিরুদ্দেশ হয়েছেন। চলমান মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরার ক্ষেত্রে এ ব্যাপারটি অপরিসীম ভূমিকা রাখতে পারবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ট্রাম্পের অভিবাসন-বিরোধী পদক্ষেপের বলি হয়েছে ৩২ লাখ অভিবাসী-শ্রমিক, যারা ২০১৭ সালের পর যুক্তরাষ্ট্র ত্যাগে বাধ্য হয়েছেন। সর্বশেষ এ পর্যালোচনা জরিপ অনুযায়ী, করোনার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে আমেরিকার শ্রম-সেক্টরে (১৮ বছর থেকে ৬৪ বছর)৭৪.১% ছিলেন জন্মগতভাবে আমেরিকানরা। ২০২০ সালে তা সামান্য কমেছে। তবে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে, আমেরিকায় জন্মগ্রহণকারির ৪ কোটি ৪৯ লাখ এখনও শ্রম-সেক্টরে অন্তর্ভুক্ত হতে পারেননি।

তারা নানাবিধ কারণে হয়তো কাজ করছেন না। হয়তো কাজে অক্ষম, ডিজেবিলিটি, অথবা শিশু সন্তানের দেখভাল করছেন, কিংবা প্রবীন অভিভাবককে সময় দিচ্ছেন। তবে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির কারণেও অনেকে বিষন্নতায় আক্রান্ত হয়ে দিনাতিপাত করছেন। ফেডারেল সুযোগ-সুবিধার মাধ্যমে দিনাতিপাতকে তারা শ্রেয় মনে করছেন বলে মন্তব্য করা হয়েছে এ পর্যালোচনা-জরিপে। জরিপ পরিচালনাকারি টিমের প্রধান ক্যামেরোটার মতে শ্রম-সেক্টরের বাইরে থাকার ফলে অনেকে অপরাধে লিপ্ত হচ্ছে। কেউ কেউ অতিশয় মোটা হয়ে জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। এহেন অবস্থার অবসানে কাজে সক্ষম লোকজনকে দ্রুত শ্রম-সেক্টরে আনার পদক্ষেপ নেয়া দরকার বলে উল্লেখ করেছেন জরিপ পরিচালনাকারিরা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার