
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৯১ বার পঠিত | পড়ুন মিনিটে

কংগ্রেসওম্যান ইলহান ওমর।
ইসরায়েলের সমালোচনা করায় রিপাবলিকান শাসিত প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য থেকে অপসারিত হলেন মুসলিম কংগ্রেসওম্যান (ডেমক্র্যাট) ইলহান ওমর। ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটে (২১৮-২১১) ইলহান ওমরকে কমিটি থেকে সরিয়ে দেয়া হলো।
উল্লেখ্য, ২০১৯ সালে এক টুইটে ইলহান মন্তব্য করেছিলেন যে, কিছু ইসরাইল-পক্ষাবলম্বনকারি গ্রুপ, যারা বেঞ্জামীনের পোষ্য বেবী (এটাকে ইহুদি বিদ্বেষী হিসেবে মনে করা হয়)। এ নিয়ে সে সময় রিপাবলিকানদের সাথে অনেক ডেমক্র্যাটও ক্ষেপে গিয়েছিলেন। সে সময়কার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ-প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন, ‘ইলহান ওমর এবং অপর ৩ প্রগতিশীল দাবিদার কংগ্রেসওম্যানের সকলেরই নিজ নিজ দেশে ফিরে যাওয়া উচিত। যদিও একমাত্র ইলহান ওমরের জন্ম হচ্ছে সোমালিতে, অপর তিন জন আমেরিকাতেই জন্মেছেন। এমনি অবস্থায় সে সময় ইলহান ওমর নিজের বক্তব্যের জন্যে দু:খ প্রকাশ করেছিলেন। কিন্তু রিপাবলিকানরা অপেক্ষায় ছিলেন তাকে হেনস্থার।
প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাবার পরই সেই প্রতিশোধ চরিতার্থ করলেন। এ নিয়ে মার্কিন রাজনীতিতে নতুন করে প্রতিহিংসার অপতৎপরতা জাগ্রত হলো বলে সকলেই বলাবলি করলেও প্রতিনিধি পরিষদে রিপাবলিকান নেতা অর্থাৎ স্পিকার কেভিন ম্যাককার্থি গণমাধ্যমে জবাব দিয়েছেন যে, ইসরাইল হচ্ছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র একটি দেশ। সেই দেশে প্রবেশাধিকার পাননি ইলহান ওমর। তাই এমন একজন মানুষকে পররাষ্ট্র বিষয়ক কমিটিতে রাখা সমীচিন নয়। স্পিকার ম্যাককার্থি ডেমক্র্যাটিক পার্টির আরো অন্তত: দুই কংগ্রেসম্যানকে গুরুত্বপূর্ণ দুটি কমিটি থেকে সরানোর পরিকল্পনা নিয়েছেন বলে ক্যাপিটল হিল সূত্রে জানা গেছে। অর্থাৎ দলীয় ভোটের মধ্যদিয়ে ডেমক্র্যাটিক পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে বিব্রত করার প্রয়াস চালানো হচ্ছে।
ইলহান ওমর হচ্ছেন মিনেসোটা থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান। রিপাবলিকান পার্টির এহেন মনোভাবের মধ্যদিয়ে মার্কিন রাজনীতি এবং অর্থনীতিতে ইসরাইলের প্রভাব কতটা প্রবল-তা দৃশ্যমান হলো বলে শীর্ষস্থানীয় মার্কিন গণমাধ্যমে আলোচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের সংবিধানে বাক-ব্যক্তি-সংবাদপত্রের স্বাধীনতা সংরক্ষিত থাকা সত্বেও দলীয় কোটারিপনার ছোবল হিসেবেই ইলহানকে কমিটি থেকে সরিয়ে দেয়ার ঘটনা ঘটলো।



