
প্রতিদিন ডেস্ক | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৭১ বার পঠিত | পড়ুন মিনিটে

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করেছে বিএনপি। একইসঙ্গে পূর্ব ঘোষিত আজকের (৯ ফেব্রুয়ারি) পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে দলটি। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য জানান।
দিদার জানান, তুরস্ক ও সিরিয়ায় মানুষের প্রতি সমবেদনা জানিয়ে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৯ ফেব্রুয়ারির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত গণ-পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শক্রমে আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। গণ-পদযাত্রা কর্মসূচির পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্ত লাগোয়া গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭.৯ কিলোমিটার নিচে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। ৯ ফেব্রুয়ারি সর্বশেষ খবর পর্যন্ত তুরস্কে অন্তত ১২ হাজার ৮৭৩ জন এবং সিরিয়ায় কমপক্ষে ৩ হাজার ১৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে সব মিলিয়ে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৫ জনে।
এদিকে, ওই ভূমিকম্পে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় ৯ ফেব্রুয়ারি একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।



