Advertisement Placeholder

বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী

সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমেরিকা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, বাংলাদেশের নতুন সম্ভাবনাগুলোর সঙ্গে তারা কাজ করতে চান।

বৃহস্পতিবার সকালে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ড. মোমেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা খুব ভাগ্যবান যে, অনেক দেশের নামজাদা কূটনীতিকরা এসেছেন। আপনি (সাংবাদিক) আমেরিকার কথা বলছেন, আমেরিকার সাতজন অত্যন্ত সিনিয়র কূটনীতিক এসেছেন এবং আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। ওঁরা এসেছেন আমাদের সাথে তাঁদের দেশের সম্পর্ক আরো শক্তিশালী করার জন্য। যতো ধরনের ভুল বোঝাবুঝি আছে, সব দূর করে অত্যন্ত শক্ত ভিত্তির ওপর আমাদের উভয় দেশের সম্পর্ক।’
কভিড-১৯ এর সময়কার সফলতার প্রসঙ্গ টেনে বাংলাদেশকে ‘মিরাকল’ দেশ হিসেবে উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘এই মিরাকল দেশের সাথে তাঁরা (আমেরিকানরা) সুসম্পর্ক রাখতে চান। আর এখানে নতুন নতুন যে সম্ভাবনা তৈরি হচ্ছে, সেগুলোর সাথে তাঁরা সম্পৃক্ত হতে চান, সেজন্য এসেছেন। তাছাড়া এসেছেন দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত। তিনিও বলেছেন যে, বাংলাদেশ সবচেয়ে উন্নয়নশীল মানে র‌্যাপিডলি ডেভলপিং কান্ট্রি। আর এখানে বহু ধরনের সুযোগ-সুবিধার সৃষ্টি হয়েছে, সেগুলোতে তাঁরা যাতে একসাথে কাজ করতে পারেন, সেজন্য তিনিও এসেছেন। ভারতের পররাষ্ট্র সচিবও একই বার্তা নিয়ে এসেছেন। তারাও বাংলাদেশের সাথে কাজ করতে চায়। সবাই এসে আমাদের প্রশংসা করেছেন, আর আমাদের দেশে কাজ করার অঙ্গীকার করেছেন। এতে আমরা খুব খুশি।’

মন্ত্রী আরও বলেন, ‘গত কয়েক মাস দেখেছেন, আমেরিকানরা কন্টিনিউয়াসলি একজনের পর একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি আসছেন সম্পর্ক উন্নয়ন করার জন্য। শুধু সেটা না, আমাদের দাওয়াতও দিয়েছেন তাঁদের দেশে গিয়ে তাঁদের নেতাদের সাথে আলাপ করার জন্য। সো, উই আর ডেভলপিং ভেরি গুড রিলেশন্সশিপ এবং আই মাস্ট সে ইট ইজ সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর দৃঢ়তার জন্য। বঙ্গবন্ধুর স্বপ্নের যে ফরেন পলিসি, সবার সঙ্গে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়…আমরা কারো শত্রু নই। আমরা বাস্তববাদী ফরেন পলিসি চালু রেখেছি।’

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে ড. মোমেন বলেন, ‘রোহিঙ্গারা সবগুলো ফেরত যাবে বলে মনে হয় না। বাস্তববাদী যদি হোন, তো তাঁদেরকে (বিদেশিদের) বলেছি, কিছু আপনারা নেন না কেন? তো তাঁরা নেওয়া শুরু করেছেন। তাঁরা আরো নেবেন, আমেরিকা নেবে, কানাডা নেবে। অন্যান্য দেশকেও আমরা নেওয়ার জন্য অনুরোধ করেছি। আমাদের এক নম্বর টার্গেট, আমরা চাই রোহিঙ্গারা তাঁদের দেশে ফিরে যাক। আমেরিকানরা আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করবেন বলে জানিয়েছেন।’

সিকৃবির অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা ও রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার