
প্রতিদিন ডেস্ক | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৯৭ বার পঠিত | পড়ুন মিনিটে

আকস্মিক এক সফরে ইউক্রেনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) উচ্চ-নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন তিনি। ইউক্রেনে রুশ আগ্রাসনের বর্ষপূর্তির মাত্র ৪ দিন আগে তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে। খবর সিএনএন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাইডেনের বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্টের আগাম ঘোষণা ছাড়াই ইউক্রেনে আকস্মিক সফর ঘিরে কিয়েভে আইনশৃঙ্খলাবাহিনীর ব্যাপক ব্যস্ততা ও তোড়জোড় দেখা যায় বলে জানিয়েছে বিবিসি।
আইনশৃঙ্খলাবাহিনী কিয়েভের আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কয়েক ঘণ্টা পর রাজধানীতে পৌঁছান জো বাইডেন। সেখানে পৌঁছানোর পরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেছেন জেলেনস্কি। এই ছবিতে তাকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হস্তমর্দন করতে দেখা যায়।
ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কিয়েভে স্বাগত জোসেফ বাইডেন। আপনার এই সফর ইউক্রেনীয়দের প্রতি সমর্থনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নিদর্শন।’
এদিকে, ইউক্রেনে আকস্মিক সফর শেষ করে পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে যাবেন প্রেসিডেন্ট বাইডেন। পোল্যান্ড সফরে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুজার সাথে বৈঠক করবেন তিনি। ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর পূর্তি সামনে রেখেই অঞ্চলটি সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট।



