
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে

বক্তব্য দিচ্ছেন কংগ্রেসওম্যান ইলহান ওমর। পাশে গিয়াস আহমেদ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
মুসলমান তথা অভিবাসী সমাজের অধিকারের প্রশ্নে সোচ্চার কংগ্রেসওম্যান ইলহান ওমর প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময়কালে বহুজাতিক এ সমাজে নিজেদের মর্যাদার প্রশ্নে মূলধারায় জোরালোভাবে সম্পৃক্ত হবার আহবান জানালেন। ‘বাংলাদেশী আমেরিকান কম্যুনিটি লিডারস ফর কংগ্রেসওম্যান ইলহান ওমর’ ব্যানারে ২৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদের বাসভবনে এই মতবিনিময়কালে ডেমক্র্যাটিক পার্টির এই কংগ্রেসওম্যান উল্লেখ করেন, যেখানে মানবাধিকার লংঘনের ঘটনা ঘটবে সেখানেই প্রতিবাদ জানাতে হবে। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে আমি কথা বলায় বিশেষ একটি মহলের রোষানলে পড়েছি। এ অবস্থায় থামলে চলবে না।
যে কোন ধর্ম-বর্ণের বিরুদ্ধে অন্যায় আচরণ হলে ধর্মপ্রাণ প্রতিটি মানুষের দায়িত্ব হচ্ছে প্রতিবাদে সরব হওয়া। উল্লেখ্য, জুইশ সম্প্রদায়ের চরমপন্থিরা ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা চালানোর নিন্দা করার কারণে চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতে রিপাবলিকানরা ঐক্যবদ্ধ হয়ে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি থেকে মুসলিম কংগ্রেসওম্যান ইলহান ওমর (মিনেসোটা-ডেমক্র্যাট) কে অপসারণ করা হয়েছে। কংগ্রেসের কোন কমিটিন থেকে এভাবে অপসারণের ঘটনা খুব কমই ঘটেছে গত শতাব্দিতে। জুইশরা নানাভাবে মার্কিন প্রশাসনে প্রভাব বিস্তার করে রয়েছে। এটা তারই নামান্তর বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে গিয়াস আহমেদের বাসায় এ আয়োজনে মূলত: ইলহান ওমরের জন্যে তহবিল সংগ্রহ করা হয়। এ সময় স্বাগত বক্তব্যে গিয়াস আহমেদ মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার হরণকারীদের বিরুদ্ধে সোচ্চার ইলহান ওমরের পক্ষে বাংলাদেশী আমেরিকানরাও সব সময় সরব থাকবে বলে উল্লেখ করেন। দুই দশক আগে কংগ্রেসম্যান বেঞ্জামীন গীলমেনের (রিপাবলিকান) নেতৃত্বে কংগ্রেসনাল বাংলাদেশ ককাস গঠনের সাথে সম্পৃক্ত থাকা বিএনপি নেতা গিয়াস আহমেদ আরো বলেন, সিটিজেনশিপ গ্রহণের পর সকলের উচিত ভোটার হিসেবে তালিকাভুক্ত হওয়া এবং নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হওয়া। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, সিটি, স্টেট, ফেডারেল যে কোন নির্বাচনেই খুব কমসংখ্যক প্রবাসী কেন্দ্রে যান।
ইলহান ওমর সকলের প্রতি উদাত্ত আহবান জানান ঐক্যবদ্ধ হয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হবার। তিনি বলেন, ডনাল্ড ট্রাম্পের একটি অন্যায়কে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন অনুসরণ করেছেন। যুক্তরাষ্ট্রে ঢুকেই এসাইলাম প্রার্থনার বহু পুরনো একটি বিধি স্থগিতের পদক্ষেপ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। ট্রাম্পের আমলে যেমন এমন পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এখনও প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। কারণ, জাতিসংঘের সনদ অনুযায়ী ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রেও একটি বিধি তৈরী হয়েছে। সেখানে বলা হয়েছে যে, সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়া যে কোন ব্যক্তি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে তার এ আবেদনের নিষ্পত্তি হবার আগে বহিষ্কার করা যাবে না।
অতি সম্প্রতি প্রেসিডেন্ট বাইডেন এমন একটি আদেশের প্রস্তাব করেছেন যেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে তৃতীয় কোন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হবার ডক্যুমেন্ট না থাকলে সংশ্লিষ্ট বিদেশীকে গ্রেফতার করেই সীমান্তের ওপাড়ে ঠেলে দেয়া হবে অর্থাৎ দক্ষিণের সীমানা দিয়ে বেআইনীভাবে প্রবেশকারি সকলকে মেক্সিকোতে রাজনৈতিক চেয়ে তা পাননি বলে প্রমাণপত্র প্রদর্শন করতে হবে। এমন একটি নির্দেশ রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পও জারি করেছিলেন। এই মুসলিম কংগ্রেসওম্যান ইলহান উল্লেখ করেন, আমি নিজেও তেমন একজন বিদেশী ছিলাম। তাই এমন নির্দেশকে কখনো মানতে পারি না। উল্লেখ্য, ইলহান সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন রিফ্যুজি হিসেবে।
বাংলাদেশী আমেরিকানদের এই অনুষ্ঠানে আরো ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ডা. মজিবর রহমান মজুমদার, মুসলিম উম্মা’র নেতা ডা. আতাউল গনি ওসমানী, বিএনপি নেতা মিল্টন ভ’ইয়া, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, ‘সাউথ এশিয়ান আমেরিকান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ এ্যান্ড ট্রেনিং’ তথা স্যাফেস্টের প্রধান নির্বাহী মাজেদা এ উদ্দিন প্রমুখ।



