
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ১০১ বার পঠিত | পড়ুন মিনিটে

ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করছেন অতিথিগণ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
৬১ রকমের পিঠার সমাহার ঘটিয়ে ২৬ ফেব্রুয়ারি রবিবার নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘ফাগুন ও পিঠা উৎসব’। বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীরা শীতের আমেজে জড়ো হয়েছিলেন কুইন্স প্যালেসে ‘শো-টাইম মিউজিক’র বর্ণাঢ্য এ উৎসবে। বিপুল করতালির মধ্যে ফিতা কেটে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য হিসেবে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন যৌথভাবে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবকর হানিপ এবং ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী।
এ সময় হোস্ট সংগঠনের কর্ণধার আলমগীর খান আলমসহ সহযোগিতাকারিরাও সেখানে ছিলেন। এই উৎসবের অতিথি খ্যাতনামা এটর্নী ও ডেমক্র্যাটিক পার্টির নেতা মঈন চৌধুরী তার বক্তব্যে বলেন, বাঙালির চিরায়ত সংস্কৃতি সুদূর এই প্রবাসে সমুন্নত রাখতে শো-টাইম মিউজিকের মত যারা নিরন্তরভাবে সচেষ্ট রয়েছেন আমি সবসময় তাদের সাথে রয়েছি। এক্ষেত্রে আমি বাংলা ভাষার মিডিয়াগুলোরও অকৃপণ পৃষ্ঠপোষকতার কথা পরম আনন্দে স্মরণ করতে চাই। এটর্নী চৌধুরী বলেন, কুইন্স কাউন্টিতে ১৯০টি দেশের ৩৬৫টিরও অধিক ভাষার মানুষ বাস করছি। অর্থাৎ বর্ণাঢ্য সংস্কৃতির তীর্থভূমি হচ্ছে আমাদের এই কুইন্স। এমন একটি বহুজাতিক সমাজে বাঙালিদের ইতিহাস-ঐতিহ্য ঝলসে উঠতে শো-টাইম মিউজিকের সকল কর্মকান্ডে আমার সহায়তা অব্যাহত থাকবে।
পিঠা উৎসবের অন্যতম সম্মানীত অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী মালিকানাধীন প্রথম ইউনিভার্সিটি ‘ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি’র চ্যান্সেলর আবুবকর হানিপ বলেন, ফাগুনের আমেজে এ উৎসব বাঙালি সংস্কৃতির ফল্গুধারা প্রবাস প্রজন্মের মাধ্যমে ভিন্ন ভাষা-ভাষী মানুষের মধ্যেও ছড়িয়ে দিতে সক্ষম বলে মনে করছি। চ্যান্সেলর হানিপ উল্লেখ করেন, শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম নানা আয়োজনের মধ্যদিয়ে আমাদের বাংলা সংস্কৃতি, মূল্যবোধকে আমেরিকার মূলধারায় বিকাশ ঘটাতে আন্তরিকভাবে কাজ করছেন। এজন্যে সকলেরই উচিত তাকে সহায়তা দিয়ে যাওয়া। সোনিয়ার সঞ্চালনায় চমৎকার এ আয়োজনে স্বাগত বক্তব্যে সর্বস্তরের প্রবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান আলমগীর খান আলম।
এ উৎসবের মেজাজে বিকেল থেকে মধ্যরাত অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে অংশ নেন। ছিল শাড়ি-কাপড়ের স্টলও। অর্থাৎ পিঠার আমেজে গৃহিনীরা কেনাকাটাও করেছেন ভিন্ন এক আমেজে।



