
বিশেষ সংবাদদাতা | শুক্রবার, ০৩ মার্চ ২০২৩ | প্রিন্ট | ৮৬ বার পঠিত | পড়ুন মিনিটে

রোহিঙ্গা শরণার্থীদের জন্যে অর্থ বরাদ্দ ১ মার্চ থেকে বন্ধ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা। তারা বলেছেন যে, বিষয়টি এখন ১০ লক্ষাধিক শরণার্থীর জীবন-মৃত্যুর বিষয়ে পরিণত হয়েছে।
এজন্যে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরী পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন। বিশেষ করে যারা বাংলাদেশের কক্সবাজার এলাকার ক্যাম্পে রয়েছে তারা পড়েছেন এই সংকটে। মায়ানমার সম্পর্কিত জাতিসংঘের বিশেষ অধিকর্তা টম অ্যান্ড্রুজ উল্লেখ করেছেন, বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের ওপর কালিমা লেপনের সামিল। ক্যাম্প পরিদর্শনকালে টমের কাছে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন যে, খাদ্য-সামগ্রির দাম অত্যধিক বৃদ্ধি পাওয়ায় এ অচলাবস্থা দেখা দিয়েছে। অর্থাৎ রোহিঙ্গা শরনার্থীরা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
টম এ্যান্ড্রুজ তাঁর রিপোর্ট পেশ করেন জেনিভাস্থ হিউম্যান রাইটস কাউন্সিলে। মায়ানমারের সামরিক জান্তার নৃশংসতা থেকে প্রাণে বাঁচার অভিপ্রায়ে ২০১৭ সালে এসব শরনার্থী পালিয়ে বাংলাদেশে এসেছেন। উল্লেখ্য যে, জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যেই সতর্কবাণী উচ্চারণ করেছে যে, ক্যাম্পের প্রতি ১০ জনের চারজন শিশুই জটিল রোগে আক্রান্ত। পুষ্টিকর খাদ্য সংকট এমন পরিস্থিতির জন্যে মূলত: দায়ী। এছাড়া প্রতি ১০ জন গর্ভবর্তীর চারজন একই পরিস্থিতির শিকার বলেও স্বাস্থ্য-বিজ্ঞানীরা ক্যাম্প পরিদর্শনের পর উল্লেখ করেছেন। বিশ্বখ্যাদ্য কর্মসূচির পক্ষ থেকে জানানো হয়েছে যে, রোহিঙ্গা শরনার্থীদের খাদ্য ও চিকিৎসা প্রদানের যে তহবিল রয়েছে, সেখানে ঘাটতির পরিমাণ ১২৫ মিলিয়ন ডলার। এরফলে রেশন (অত্যাবশ্যকীয় খাদ্য) বাবদ বরাদ মাসিক ১২ ডলার থেকে কমিয়ে ১০ ডলার করা হয়েছে। এমনি অবস্থায় খাদ্য-সামগ্রির দামও হুহু করে বেড়েছে।



