
প্রতিদিন ডেস্ক | সোমবার, ০৬ মার্চ ২০২৩ | প্রিন্ট | ৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে

সম্প্রতি ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলকে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের দেওয়া উপহারের একটি বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। আর এবার খবর বেরিয়েছে, তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে নাকি এ দুজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। চলতি বছরের মে মাসেই চার্লসের রাজ্যাভিষেক হতে যাচ্ছে। রাজপরিবারের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকলেও অনুষ্ঠানে সস্ত্রীক হ্যারিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, উইন্ডসর এস্টেটে ফ্রগমোর কটেজ থেকে নিজেদের জিনিসপত্র সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে হ্যারিকে। ২০১৮ সালে বিয়ের উপহার হিসেবে নবদম্পতি হ্যারি-মেগানকে এই কটেজ উপহার দিয়েছিলেন তৎকালীন রানি দ্বিতীয় এলিজাবেথ। হ্যারিকে সরিয়ে রাজকুমার অ্যান্ড্রুকে এই কটেজ দেওয়া হবে বলেই জানা গেছে। ফলে ব্রিটেনে বসবাসের জন্য হ্যারি ও মেগানের আর কোনো স্থায়ী বাসস্থান নেই।
তবে ফ্রগমোর কটেজ থেকে ‘বিতাড়িত’ হওয়ার পরও সস্ত্রীক হ্যারিকে একাধিকবার জনসমক্ষে খোশমেজাজেই দেখা গিয়েছিল। এমন পরিস্থিতিতেই জানা গেল, ই-মেইল পাঠিয়ে রাজ্যাভিষেকের জন্য তাদের আমন্ত্রণ জানিয়েছে রাজপরিবার। হ্যারি ও মেগান দুজনেই বিষয়টি জানিয়েছেন। তবে ওই অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন কি না সে বিষয়ে কিছু বলতে চাননি হ্যারি-মেগান। প্রসঙ্গত, রাজ্যাভিষেকের দিনেই তাদের ছেলে আর্চির জন্মদিন।
যদিও রাজ্যাভিষেকের অনুষ্ঠানে হ্যারিকে আমন্ত্রণ জানানো নিয়ে রাজপরিবারে মতবিরোধ ছিল। নিজের আত্মজীবনীতে রাজপরিবারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন হ্যারি। কতটা যন্ত্রণাময় ছিল রাজপুত্রের জীবন, সেই বর্ণনা জেনে রাজপরিবারকে কাঠগড়ায় তোলে ব্রিটেনের সাধারণ মানুষও। এমন পরিস্থিতিতে দুই পক্ষের সম্পর্ক আরও খারাপ হয়।
জানা যায়, ছোট ভাই অনুষ্ঠানে অংশ নেবেন সেটা একেবারেই পছন্দ ছিল না প্রিন্স উইলিয়ামের। কিন্তু প্রথা মেনে হ্যারিকে আমন্ত্রণ জানানোর পক্ষে ছিলেন রাজা তৃতীয় চার্লস।



