
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ মার্চ ২০২৩ | প্রিন্ট | ৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে

নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত ‘অগ্নিঝরা মার্চ’র আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন বলেন, বাংলাদেশের উন্নয়ন-অভিযাত্রায় যাদের এক পয়সাও সহযোগিতা নেই, তারা কূটনৈতিক রীতি অবজ্ঞা করে বকবক করছেন।
যদিও বাংলাদেশের নয়া সরকার প্রতিষ্ঠিত হবে জনগণের ইচ্ছায়। ঐসব বিদেশী কূটনীতিকদের আমি জানিয়েছি যে, তারা নয়া একটি রাজনৈতিক দল গড়তে পারেন। তবে সে ক্ষেত্রে বাংলাদেশের সকল নাগরিককে তাদের দেশেরও নাগরিকত্ব প্রদান করতে হবে। ড. মোমেন অবশ্য উল্লেখ করেছেন যে, বাংলাদেশের কিছু মিডিয়ার কারণে বিদেশী ক’টনীতিকরা আমাদের অভ্যন্তরীন রাজনীতি নিয়ে মাথা ঘামানোর চেষ্টা করছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সদ্য-স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক কর্মকান্ড ৯৬% বিদেশ-নির্ভর ছিল । এখন দেড় পার্সেন্টও নেই। তাহলে আমরা বিদেশীদের কথা শুনবো কেন?
নারী ক্ষমতায়নে শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব সাফল্য প্রসঙ্গে ড. মোমেন বলেন, জাতীয় সংসদ, মন্ত্রী পরিষদ, প্রশাসন, সামরিক, পুলিশ বাহিনী সর্বত্রই নারীরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। বিদেশে যত শ্রমিক রয়েছেন তার মধ্যে ৬ লাখ হচ্ছেন নারী।
তারা অর্জিত অর্থের ৯০% দেশে রেমিট্যান্স করেন। অপরদিকে পুরুষ শ্রমিকেরা অর্জিত অর্থের ৭০%ই বিদেশে খরচ করছেন। ড. মোমেন বলেন, আগে ভাবতাম যে, নারী কর্মকর্তা/কর্মচারিরা হয় তো ঘুষ-দুর্নীতি করেন না। সময়ের ব্যবধানে এখন দেখা যাচ্ছে তারাও পুরুষের মতোই।
‘সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। তবে কোন দল তাতে অংশগ্রহণ না করলে সরকারের করার কিছু নেই’ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেন, কোন অবস্থাতেই নির্বাচনকালীন কোন অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তরের সুযোগ নেই। বিশ্বে কোন গণতান্ত্রিক দেশে এমন ব্যবস্থা নেই। ড. মোমেন দৃঢ়তার সাথে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেত্রিত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। আর এতে বর্তমান সরকারের উপর জনগণের পূর্ণ আস্থা রয়েছে।
২০ মার্চ সোমবার বস্টনের ক্যাম্ব্রিজে একটি রেস্তোরায় এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম।
নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফের সঞ্চালনায় এ অনুষ্ঠানে নানা ইস্যুতে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের কৌতুহলেরও জবাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। প্রাণবন্ত এ আলোচনায় আরো অংশ নেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, তপন চৌধুরী, ইদ্রিস আলী, অধ্যাপক আহমেদ হাসান, মিন্টু কামরুজ্জামান, মোহাম্মদ মিয়াজী, সেলিম জাহাঙ্গীর, মোহাম্মদ নুর হোসেন, তাহেরা আহমেদ মিতু প্রমুখ। উল্লেখ্য, জাতিসংঘ সফররত পররাষ্ট্রমন্ত্রী বস্টনে বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটি আলোচনায় অংশ নিতে সোমবার সেখানে গিয়েছিলেন।



