
বিশ্ব ডেস্ক | বুধবার, ২৯ মার্চ ২০২৩ | প্রিন্ট | ৬০ বার পঠিত | পড়ুন মিনিটে

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে সাজা ও পরবর্তীতে সংসদ সদস্য পদ বাতিলের ঘটনায় তোলপাড় গোটা ভারত। এতদিন চুপ থাকলেও অবশেষে এ ইস্যুে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, গোটা ঘটনার ওপর নজর রাখছে তার দেশ। তিনি আরও বলেছেন, দুই দেশে গণতান্ত্রিক মূল্যবোধ, বিশেষত মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দেওয়া হয়েছে। দেশ দুটির গণতান্ত্রিক যাত্রা রক্ষায় তা জরুরি। তবে আলাদাভাবে এখনই পদক্ষেপ করার কথা ভাবছে না সে দেশ।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে করা এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে সম্প্রতি গুজরাটের একটি আদালত রাহুলতে ২ বছরের কারাদণ্ড দেন। এর উপর ভর করে রাহুল ভারতের লোকসভার সদস্য পদও হারান। এ ঘটনায় পুরো ভারতজুড়ে তোলপাড় চলছে।
রাহুলের সংসদ সদস্য পদ খারিজ নিয়ে সম্প্রতি সুর চড়িয়েছেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, তাদের পরিবার নিয়ে বারবার অপমানজনক মন্তব্য করা হয়েছে। রাহুলকে বারবার অপমান করা হয়েছে, তবু তাদের বিরুদ্ধে কখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।



