
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | ৪০৮ বার পঠিত | পড়ুন মিনিটে

বাগের ইফতার মাহফিলে ইউএস সিনেট লিডার চাক শ্যুমার। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
ইউএস সিনেটের লিডার নিউইয়র্কের সিনেটর (ডেমক্র্যাট) চাক শ্যুমার বলেন, অত্যন্ত অহংকারের সাথে বলতে চাই যে, যুক্তরাষ্ট্রের অন্য যে কোন কম্যুনিটির চেয়ে বাংলাদেশিরা অধিক আয় করছেন। তাদের সন্তানেরা স্কুল-কলেজেও ভাল রেজাল্ট করছে। এমন অবস্থা তৈরী হয়েছে তারা সকলেই কঠোর পরিশ্রম করায়।
সন্তানের ভবিষ্যত সুরক্ষায় প্রত্যেকের অপরিসীম ভূমিকা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ২ এপ্রিল বাংলাদেশি আমেরিকান এডভোকেসি গ্রুপ তথা ‘বাগ’র ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে সিনেটর শ্যুমার আরো বলেন, নিউইয়র্ক সিটির সিংহভাগ ট্যাক্সি ড্রাইভারই বাংলাদেশি। সাম্প্রতিক সময়ে তারা মেডেলিয়ন ক্রয়ের জন্যে নেয়া ঋণের অর্থ নিয়ে কঠিন এক সংকটে নিপতিত হন। এক বাংলাদেশিসহ বেশ কয়েকজন আত্মহত্যাও করেছেন। তেমন পরিস্থিতি থেকে ঋণগ্রস্ত সকল ড্রাইভারের জন্যে বিশেষ একটি প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। এখন তারা স্বস্তির সাথে সহজ কিস্তিতে বকেয়া ঋণ পরিশোধে সক্ষম হচ্ছেন। সিনেটর শ্যুমার বলেন, আমি পঞ্চম টার্মের দায়িত্ব পালন করছি। এর আগে আর কোন সিনেটরই টানা পঞ্চমবারের মত নিউইয়র্ক থেকে জয়ী হতে পারেননি। এটি সম্ভব হয়েছে আপনাদের মত নিষ্ঠাবান মানুষদের অকুন্ঠ সমর্থনের জন্যে।
উল্লেখ্য, ইউএস সিনেটের মেয়াদ ৬ বছর করে। ১৯৯৮ সালের নির্বাচনে সিনেটর হওয়ার আগে ১৮ বছর ছিলেন নিউইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৯ এর কংগ্রেসম্যান। তারও আগে ৬ বছর স্টেট এ্যাসেম্বলীম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ৭২ বছরের প্রবীণ সিনেটর শ্যুমার বিশ্বখ্যাত হার্ভার্ড থেকে উচ্চতর ডিগ্রি গ্রহনের পরই রাজনীতিতে যোগদান করেছেন। সিনেটর শ্যুমার বলেন, বাঙালিরা বহুজাতিক এ সমাজে বিশেষ এক স্থানে অধিষ্ঠিত হয়েছেন। কারণ, তারা বাঙালি হিসেবে মর্যাদার আসন নিয়ে আন্দোলন-সংগ্রামের সিঁড়ি বেয়েই পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছেন। জনসংখ্যাগতভাবে উর্দূভাষীরা কম হলেও পাকিস্তানের জনক জিন্নাহ উর্দূকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চেয়েছিলেন অন্যায়ভাবে।
এ মাহফিলে সভাপতির বক্তব্যে বাগের প্রেসিডেন্ট জয়নাল আবেদীন কম্যুনিটির অধিকার ও মর্যাদার প্রশ্নে নিরন্তরভাবে কাজের ফিরিস্তি উপস্থাপন করেন। তিনি বলেন, নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে হালাল খাদ্য পরিবেশন এবং দুই ঈদের দিনকে ছুটি ঘোষণার আন্দোলন সফল হলেও সারা স্টেটে ঈদের দুদিন ছুটির দাবিতে এখনও সরব রয়েছেন। ন্যূনতম মজুরি ঘন্টা বৃদ্ধির দাবিও রয়েছে। এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ে মেধাসম্পন্ন বাংলাদেশীদের নিয়োগের জন্যে সিনেটর শ্যুমারের সদয় দৃষ্টিও কামনা করেছেন জয়নাল আবেদীন। এ মাহফিলে সিটির ডেপুটি পাবলিক এডভোকেট কাসিফ হোসেন এবং মানবাধিকার বিষয়ক ডেপুটি কমিশনার কাজরি চৌধুরীও বক্তব্য রেখেছেন। বিশিষ্টজনদের মধ্যে মাহফিলে আরো ছিলেন আইনজীবী মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জাতীয় পার্টির নেতা আবু তালেব চৌধুরী চান্দু প্রমুখ।
এর আগে কম্যুনিটির আরেকটি ইফতার মাহফিলে সিনেটর চাক শ্যুমারকে টুপি পড়িয়ে দেন কুইন্স ডেমক্র্যাটিক পার্টির লিডার এটর্নী মঈন চৌধুরী। দু’সপ্তাহ আগে একটি মসজিদ উদ্বোধনের সময় নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামসকেও টুপি পড়িয়ে দিয়েছিলেন এটর্নী মঈন চৌধুরী।



