
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ০৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে

হোয়াইট হাউজ এবং কংগ্রেসের সামগ্রিক কর্মকান্ডে বিতশ্রদ্ধ সিংহভাগ আমেরিকানই। পিউ রিসার্চ সেন্টার পরিচালিত জরিপ রিপোর্টে প্রেসিডেন্ট জো বাইডেন এবং কংগ্রেসের উভয় পার্টির প্রতিই নেতিবাচক মনোভাব প্রকাশিত হয়েছে। বড় ধরনের সমস্যা সমাধানে ডেমক্র্যাট এবং রিপাবলিকান উভয় পার্টিই চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেছেন অধিকাংশ আমেরিকান। এরফলে রাজনীতিকদের প্রতি এক ধরনের হতাশা তৈরী হয়েছে সর্বস্তরে।
শুক্রবার প্রকাশিত জরিপ রিপোর্ট অনুযায়ী, ৬০% আমেরিকানই বাইডেনের কর্মকান্ডে সন্তুষ্ট নন। মাত্র ৩৭% আমেরিকান বাইডেনের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছেন। কংগ্রেসে ডেমক্র্যাটদের ভূমিকায় বিরক্ত ৬০% আমেরিকান। মাত্র ৩৩% সন্তোষ প্রকাশ করেছেন। অপরদিকে রিপাবলিকান পার্টির আচরণে বিরক্তি প্রকাশ করেছেন ৬৮%। কংগ্রেসে রিপাবলিকানদের ভূমিকার প্রতি সন্তোষ জানিয়েছেন মাত্র ২৯%। জানুয়ারিতে অধিষ্ঠিত রিপাবলিকান নেতৃত্বাধীন নতুন প্রতিনিধি পরিষদের কর্মকান্ডে আশার সঞ্চার ঘটিয়েছে মাত্র ২৬% আমেরিকানের মধ্যে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ভূমিকার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ৫০% আমেরিকান। সন্তোষ প্রকাশের হার হচ্ছে ৪৮%।
জরিপে আরো উদঘাটিত হয় যে, সবচেয়ে প্রয়োজনীয় সমস্যাটির সমাধানে আমেরিকানরা সব সময়েই যথাযথ রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হতে পারেন না বলে মনে করেন ৭৬% আম জনতা। ২০২১ সালে এমন আস্থাহীনতা ছিল ৬২% এর। ৫৬% আমেরিকানই দ্বিধা-দ্বন্দ্বে যে, তারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারেন। গত বছরের জরিপে এমন হার ছিল ৪১% এর।



