
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | ৯০ বার পঠিত | পড়ুন মিনিটে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশ স্ট্রিটে অবস্থিত আড়ং-এ নতুন ডিজাইনের জামা-কাপড়ের ব্যাপক সমাহার ঘটেছে। আড়ং বাংলাদেশের একটি খ্যাতিমান ব্র্যান্ড। নিউইয়র্কে শো রুমের কর্ণধার হুমায়ুন কবির জানালেন, ঢাকা থেকে চাহিদা অনুযায়ী নানা রকমের তাঁত, জামদানী, সিল্কের শাড়ি এনেছি।আছে পাঞ্জাবী-পায়জামা, ফতুয়া আর কুর্তা সালোয়ার কামিজ, হাতে করা নকশীকাঁথা, পশমি শালও রয়েছে। বিয়ের জন্য নাগরা জুতো, ছেলেদের পামশু, জড়ি দিয়ে জামদানী ডিজাইন করা। রয়েছে নানা ধরনের কারুকর্ম। যা বাড়িতে টাঙিয়ে রাখলে মনে হবে, এক টুকরো বাংলাদেশ।
হুমায়ুন কবির বলেন, আমরা শাড়ির সাথে ব্লাউজগুলো বাংলাদেশ থেকে সেলাই করিয়েই আনি। এতে বেশ সাশ্রয় হয় আমাদের ক্লায়েন্টদের। মুনাফা নয়, বিদেশে বাংলাদেশের পোশাকের ঐতিহ্যকে তুলে ধরাই মুখ্য হিসেবে বিবেচনা করি আমরা- বলেন হুমায়ুন কবির।
তিনি বলেন, আমরা চাই সব বয়সের মানুষের কেনা-কাটার স্থান হোক আড়ং। যাতে তারা বাংলাদেশের সংস্কৃতি,ঐতিহ্যের সাথে মিশে থাকতে পারে। নিউইয়র্কে আড়ং এর ঠিকানা হচ্ছে- ৩৭-১৮,৭৩ বাংলাদেশ স্ট্রিট, জ্যাকসন হাইটস।
উল্লেখ্য, বাংলাদেশে আড়ং প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালে, গ্রামীণ কারু ও হস্তশিল্পীদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে।
গত ৪৫ বছর ধরে বাংলাদেশের আবহমান ঐতিহ্যের সাথে আধুনিক ফ্যাশনের মেলবন্ধন ঘটিয়ে নিজেকে দেশের সবচেয়ে বড় ফ্যাশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে আড়ং। বর্তমানে আড়ংয়ের সঙ্গে সরাসরি কাজ করছেন ৬৫ হাজারেরও বেশি কারু ও হস্তশিল্পী।



