
বিশ্ব ডেস্ক | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | ৭০ বার পঠিত | পড়ুন মিনিটে

মেক্সিকোর একটি ওয়াটার পার্কে বন্দুকধারীদের গুলিতে এক শিশুসহ সাতজন নিহত হয়েছে। স্থানীয় সময় ১৫ এপ্রিল দেশটির মধ্যাঞ্চলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়েছে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের কর্টাজার শহরের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনের মরদেহ পায়। এদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও সাত বছর বয়সী এক শিশু রয়েছে। এ ছাড়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বন্দুকধারীরা এদিন বিকেল সাড়ে ৪টার দিকে লা পালমা সুইমিং রিসোর্টে ঢুকে একদল মানুষকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।
এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে স্থানীয় সংবাদ মাধ্যম ডিবেট নোটিসিয়াস। এতে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে বন্দুকধারীদের গুলিতে ভুক্তভোগীদের কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়েন এবং চেয়ারে থাকা কয়েকজন সেখানেই ঢলে পড়েন।
ভিডিওতে আতঙ্কিত লোকজনকে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটিও করতে দেখা যায়।
উল্লেখ্য, ২০০৬ সালে মেক্সিকোর সরকার মাদককারবারিদের বিরুদ্ধে লড়তে সেনাবাহিনী মোতায়েনের পর এ পর্যন্ত দেশটিতে সাড়ে ৩ লাখ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতদের বেশিরভাগই অপধারী চক্রের সদস্য বলে দাবি নিরাপত্তা বাহিনীর।



