
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | ৬১০ বার পঠিত | পড়ুন মিনিটে

ইসরাত জাহান মারিয়া। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বাংলাদেশে মেকআপ শিল্পীদের মধ্যে যে ক’জন সাফল্যের শীর্ষে আছেন তাদের অন্যতম ইসরাত জাহান মারিয়া। সাত বছরের ক্যারিয়ারে তাঁর সুখ্যাতি দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে। তিন লক্ষাধিক ফলোয়ার রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিমধ্যেই অর্জন করেছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও। পাশাপাশি কয়েক শত নারীকে প্রশিক্ষণ দিয়ে তাদের গড়ে তুলেছেন উদ্যোক্তা হিসেবে। তাঁর স্বপ্ন মেকআপ শিল্পের মাধ্যমে মেয়েদের ভাগ্যন্নোয়ন করা। যুক্তরাষ্ট্রের মত বহুজাতিক সমাজেও বাঙালি উদ্যমী নারীদের নিজের মতো করে স্বাবলম্বী হতে সহযোগিতা করা। মারিয়ার জন্ম ঢাকায় এবং বড় হয়েছেন ক্যান্টনমেন্টে।
পড়েছেন ডেন্টাল কলেজে। এতদসত্বেও তিনি মেকআপ আর্টিস্ট হয়েছেন এবং বাংলাদেশের গন্ডি পেড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তার খ্যাতি ক্রমান্বয়ে বাড়ছে। মারিয়া গত বছর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত কেনেডি হফম্যান মাস্টারক্লাস থেকে সেরা বিউটিশিয়ানের পুরস্কার (বাংলাদেশ ক্যাটাগরিতে) জয় করেন। তিনি প্রথম বাংলাদেশি মেকআপ আর্টিস্ট হিসেবে মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। একজন মেকআপ শিল্পী হিসেবে তিনি ‘শাহেনশাহ’, ‘হিরো-৪২০’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় ভারতীয় ও বাংলাদেশি চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি চ্যানেল আইতে প্রচারিত বেশ কয়েকটি রিয়েলিটি শোতে পোশাক ডিজাইন করেছেন। এছাড়া মারিয়া ‘সেরা মেকআপ আর্টিস্ট বাংলাদেশ-২০২১’র বিচারক ছিলেন। বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষী মেকআপ শিল্পীদের জন্য এটি একটি প্রতিভা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের সেরা মেকআপ শিল্পীদের তুলে আনা হয়।
মারিয়া প্রতি বছর দুটি কর্মশালার আয়োজন করেন। তিনি গতবছর ১২ জুন আমেরিকায় এসেছিলেন। সে সময় নিউইয়র্ক, বোষ্টন, মিশিগান, ডালাসে মেকাপের উপর ট্রেনিং প্রদান করেন। মিসেস বাংলাদেশ, মিসেস মালেয়েশিয়া এবং মিসেস ভিয়েতনামকে নিজ হাতে মেকআপ করান। এরপরগত ডিসেম্বরে পুনরায় আমেরিকায় এসে ১৮ ফেব্রুয়ারি ভার্জিনিয়ায় মেকআপের উপর প্রশিক্ষন দেন। এ পর্যন্ত তিনি সর্বমোট ১৮০ জনকে মেকআপের উপর প্রশিক্ষন দিয়ে তাদের দক্ষ মেকআপ আর্টিস্ট হিসাবে গড়ে তোলেন। সারা বাংলাদেশে তারা নিজেদের মতো কাজ করছেন। বর্তমানে তিনি নিউইয়র্কে অবস্থান করছেন।
ভারত, যুক্তরাজ্য, ব্রাজিল, দুবাই এবং যুক্তরাষ্ট্র থেকেও এ সম্পর্কিত কোর্স গ্রহণকারি ইসরাত জাহান মারিয়া জানান, আসছে জুলাইতে নিউইয়র্কে মেকআপের উপর আরও একটি ওয়ার্কশপের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই ব্যাপক সাড়া পেয়েছি। আত্মপ্রত্যয়ী মারিয়া বলেন, নারী উন্নয়নই আমার লক্ষ্য। নারীদের দক্ষ করে গড়ে তুলতে পারলেই দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগবে বলে তিনি বিশ্বাস করেন। মারিয়া উল্লেখ করেন, মেকআপ শিল্পেও বাংলাদেশ অনেক দূর এগুবে-এতে কোন সন্দেহ নেই।



