
বিশেষ সংবাদদাতা | শুক্রবার, ০৫ মে ২০২৩ | প্রিন্ট | ৫১ বার পঠিত | পড়ুন মিনিটে

ওয়াশিংটন ডিসিতে ডুলেস এয়ারপোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাষ্ট্রদূত এম এ মুহিত এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. কায়কাউস। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও অন্যান্য কমনওয়েলথ অঞ্চলের রাজা ও রানী হিসেবে তৃতীয় চার্লস ও তার পত্নী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওয়াশিংটন ডিসির ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াশিংটন সময় ১১ টা ৪০ মিনিটে রওনা দেয়। ফ্লাইট থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘তিন ঘন্টার অধিক বিলম্বে ছাড়লো। যান্ত্রিক গোলযোগ দেখা দেয়ায় বিলম্ব হয় বলে এয়ারলাইন্স কর্মকর্তারা জানান। মাননীয় প্রধানমন্ত্রী অন্য সকল যাত্রীর সাথে কমার্শিয়াল ফ্লাইটে ভ্রমণ করছেন। বঙ্গবন্ধুর অপর কন্যা শেখ রেহানাসহ সফরসঙ্গিরাও রয়েছি।’ ড. মোমেন উল্লেখ করেন, এবারের সফরটি খুবই ভালো এবং ফলপ্রসূ হয়েছে।
যুক্তরাষ্ট্র্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম এ মুহিত এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমেদ কায়কাউস বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ফ্লাইটটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১২ টায় (স্থানীয় সময়) অবতরণ করে। লন্ডনে অবস্থানকালে প্রধানমন্ত্রী কমনওয়েলথ নেতাদের একটি অনুষ্ঠান, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আয়োজিত একটি অনুষ্ঠান ও একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বলে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে।
ওয়াশিংটনে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান এবং মার্কিন ব্যবসায়ী নেতাদের সাথে একটি গোলটেবিল বৈঠক, বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বঙ্গের সাথে বেশ কয়েকটি বৈঠক ও একটি নাগরিক সংবর্ধনাসহ বেশ কটি ইভেন্টে যোগ দেন। একইসাথে ডিজিটাল সিস্টেমে ঢাকা থেকে পাঠানো জনগুরুত্বপূর্ণ অনেক ফাইলেও স্বাক্ষর করেছেন শেখ হাসিনা।
তিনি তার জাপানি সমকক্ষ ফুমিও কিশিদার আমন্ত্রণে জাপানের টোকিওতে তার চারদিনের সরকারি সফর শেষ করে ২৮ এপ্রিল ওয়াশিংটন ডিসি এসেছিলেন।
প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী মো. জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ জাপান, যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
আগামী ৯ মে লন্ডন থেকে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।



