
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১২ মে ২০২৩ | প্রিন্ট | ১২১ বার পঠিত | পড়ুন মিনিটে

বক্তব্য দেন ব্যাংকের এমডি আদিল চৌধুরী। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
৯ বছরে নিউইয়র্কস্থ ‘বিএ এক্সপ্রেস ইউএসএ ইনক’ তার ৬ লাখ গ্রাহক ৩টি শাখা ও ৩২ জন এজেন্টের মাধ্যমে ৫৫ হাজার কোটি টাকা (হাফ বিলিয়ন ডলার) পাঠিয়েছেন বাংলাদেশে। বৈধ চ্যানেলে অর্থ প্রেরণের এই প্রবাহ আরো বৃদ্ধির অভিপ্রায়ে প্রবাসী অধ্যুষিত সিটি সমূহে আরো শাখা স্থাপন/এজেন্ট নিয়োগের পরিকল্পনা রয়েছে এই এক্সচেঞ্জ হাউজের। ৭ মে সংস্থাটির গ্রাহক সমাবেশে এমন অভিপ্রায় ব্যক্ত করেন ব্যাংক এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট ও এমডি আরিফ বিল্লাহ আদিল চৌধুরী।
উল্লেখ্য, বাংলাদেশের এশিয়া ব্যাংক হচ্ছে বিএ এক্সপ্রেসের অভিভাবক সংস্থা। এমডি আদিল চৌধুরী প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আরো বলেন, আপনাদের প্রেরিত অর্থ বাংলাদেশের উন্নয়নে অশেষ ভূমিকা রাখছে। তবে এ অর্থ পাঠাতে হবে বিএ এক্সপ্রেসের মত লিগ্যাল চ্যানেলে। হুন্ডিতে প্রেরিত অর্থ জাতীয় উন্নয়নে কোন অবদান রাখে না। কারণ সে অর্থ বাংলাদেশে যায়-ই না। এমডি আদিল চৌধুরী বিশেষভাবে উল্লেখ করেন, করোনা পরিস্থিতির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বেই টালমাটাল অবস্থা। এথেকে বাংলাদেশও বাদ নেই। এর ফলে ডলারের মূল্যমানে নিয়ন্ত্রণ ছিল না। তবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ ডলারের মূল্য নির্ধারণ করে দিয়েছেন। এখন ডলারের বিনিময়ে পাওয়া যাচ্ছে ১০৮.২০ টাকা। সাথে রয়েছে আড়াই পার্সেন্টের স্টিম্যুলাস। এ সময় ব্যাংকের পরিচালক আশরাফুল হক চৌধুরী বলেন, হুন্ডির মাধ্যমে প্রেরিত অর্থে আপনিও কিছু করতে পারবেন না। কারণ, কোন কল-কারখানা করতে গেলে সে অর্থের উৎস জানাতে হয়। ব্যাংকে একাউন্ট খোলার সময়েও জানাতে হয় কোথায় পেয়েছেন সে অর্থ। লিগ্যাল চ্যানেলে প্রেরিত অর্থ নিয়ে কারো কোন মাধা ব্যাথা থাকে না। তিনি যুক্তরাষ্ট্রের প্রবাসীদের ধন্যবাদ দিয়েছেন বিএ এক্সপ্রেস পরিচালনায় সর্বাত্মকভাবে সহযোগিতার জন্যে। অপর পরিচালক হেলাল আহমেদ চৌধুরী বলেন, আমাদের বিএ এক্সপ্রেসে প্রেরিত অর্থের সাথে যোগ হয় সরকারের আড়াই পার্সেন্ট প্রণোদনাও। এছাড়া আমরাও বিনা ফি-তে রেমিটেন্স করছি। এসব সুযোগ কাজে লাগাতে হবে প্রিয় মাতৃভূমির সামগ্রিক কল্যাণে। বিএ এক্সপ্রেসের সিইও আতাউর রহমান বলেন, যতখুশী তত টাকা পাঠাতে পারেন, আমরা কোন প্রশ্ন করি না। তবে এই দেশের রীতি অনুযায়ী যে সব ডক্যুমেন্ট আমরা নিয়ে থাকি, তা কখনোই বেহাত হয়নি, ভবিষ্যতেও হবে না। গ্রাহকের স্বার্থ সুরক্ষায় বিএ এক্সপ্রেস সর্বদা সচেতন ছিল এবং সামনের দিনগুলোতেও থাকবে। তিনি বলেন আমাদের তিনটি শাখা বর্তমানে ব্রুকলীন, জ্যাকসন হাইটস এবং জ্যামাইকায় কাজ করছে।
ব্যাংকটির এমডি আদিল চৌধুরী বলেন, ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর সততা-নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পথ বেয়ে বাংলাদেশের ৬৬টি বেসসরকারী ব্যাংকের মধ্যে আমরা ষষ্ঠ স্থানে রয়েছি। বাংলাদেশে রয়েছে ১৩৫টি শাখা, ১০টি উপ-শাখা এবং এজেন্ট রয়েছেন ৫ হাজার। কর্মকর্তা-কর্মচারির সংখ্যা ২৬ শতাধিক। নিউইয়র্কের মত লন্ডনেও বাঙালি পাড়ায় এক্সচেঞ্জ হাউজ আছে আমাদের। আদিল চৌধুরী বিপুল করতালির মধ্যে আরো উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে যে সব এলাকায় অনেক বেশী প্রবাসী রয়েছেন সেগুলোতেও এজেন্ট নিয়োগ অথবা নয়া শাখা স্থাপনের কথা ভাবছি। তার আগে আমরা অনলাইন অ্যাপ ইনস্টলের কথা ভাবছি। তা মোবাইলে ডাউনলোড করে ঘরে বসে যে কোন জায়গা থেকে বাংলাদেশে স্বজনের কাছে টাকা পাঠাতে পারবেন। ইতিমধ্যেই এ ব্যবস্থাটি লন্ডনে চালু করেছি এবং প্রবাসীরা তার সুযোগ নিচ্ছেন। এমডি উল্লেখ করেন, অতি সম্প্রতি বাংলাদেশের নগদ’র সাথে কাজের চুক্তিপত্র হয়েছে। আমি ঢাকায় ফিরে বিকাশের সাথেও চুক্তি করবো। এরপর ৫ হাজারের স্থলে ৫ লক্ষাধিক আউটলেট হয়ে যাবে। এরফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সরাসরি প্রেরিত টাকা পৌছে যাবে সাথে সাথে। কাউকে ৫/৬ মাইল হেঁটে কোন ব্যাংকের শাখায় যেতে হবে না। বাড়ির পাশের মুদি দোকান থেকেই প্রাপক টাকা উত্তোলনে সক্ষম হবেন। এভাবেই আমরা প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে এবং দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা নিয়েছি।
এ সমাবেশে ওজোনপার্কস্থ এজেন্ট এ এস এম মাঈনউদ্দিন পিন্টু উল্লেখ করেন, আমি প্রতি মাসে ৩ মিলিয়ন ডলারের অধিক রেমিটেন্স করছি। আগে প্রতিবারের জন্যে দুই ডলারের ফি পেতাম। গত ডিসেম্বর থেকে সেটি নিতে পাচ্ছি না। কারণ, কর্তৃপক্ষ ফ্রি রেমিটেন্সের নির্দেশ জারি করেছেন। এ অবস্থায় আমার অফিস ভাড়া, বিদ্যুৎ, ফোন, পানির বিল কীভাবে পরিশোধ করবো? এ প্রসঙ্গে ব্যাংকের এমডি সরাসরি কিছু না বলে শুধু বলেন, জাতীয় স্বার্থে আমরাও অনেক কিছুৃ জলাঞ্জলি দিয়েছি। আপনাদেরও সহযোগিতা চাই। তবে জুনের পর হয়তো কিছু একটা করা হবে। প্রবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছেন খোরশেদ খান নামক আরেকজন এজেন্ট।
প্রবাসীরা ব্যাংক অব এশিয়ায় প্রবাস থেকে নয়া একাউন্ট খুলে তা পরিচালনা করতে পারবেন-এমন কোন ব্যবস্থা রয়েছে কিনা-তা জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে ব্যাংকের এমডি আদিল চৌধুরী বলেন, অনলাইনে একাউন্ট খুলতে পারেন যে কোন প্রান্ত থেকে। তবে এজন্যে আমাদের অ্যাপ ডাউনলোড করতে হয়।
বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক প্রবাসীর সমাগমটি এক পর্যায়ে মিলনমেলায় পরিণত হয় এবং ডিনারের মধ্যদিয়ে তার সমাপ্তি ঘটে। উল্লেখ্য, এ সমাবেশের প্রধান অতিথি কন্সাল জেনারেল ড.মনিরুল ইসলাম আসতে পারেননি। সমাবেশ শুরুর ঘন্টা দেড়েক আগে তার পিতার মৃত্যু হওয়ায় তিনি আসতে পারেননি। সমাবেশের পক্ষ থেকে তার প্রয়াত পিতার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক-সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় সঞ্চালক আশরাফুল হাসান বুলবুলের আহবানে।



