
প্রতিদিন ডেস্ক | মঙ্গলবার, ২৩ মে ২০২৩ | প্রিন্ট | ৬০ বার পঠিত | পড়ুন মিনিটে

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী হাউজ অব রিপ্রেজেনটেটিভস অব জাপানের স্পিকারের আমন্ত্রণে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুর ১ টা ৩৫ মিনিটে জাপানের উদ্দেশ্যে ঢাকার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
সফরকালে হাউজ অব রিপ্রেজেনটেটিভস অব জাপানের স্পিকার, প্রতিনিধি পরিষদের প্রেসিডেন্ট, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল এন্ড ইকোনমিক কো-অপারেশন, জাপান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাতের কথা রয়েছে।
সফরে সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে আ ফ ম রুহুল হক এমপি, আবুল কালাম আহসানুল হক চৌধুরী এমপি, বদরুদ্দোজা ফরহাদ হোসেন এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ এমপি জাপানের উদ্দেশের ঢাকা ত্যাগ করেছেন।
এছাড়া অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পীকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো. তারিক মাহমুদ এবং স্পীকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী সফরসঙ্গী হিসেবে স্পিকারের সঙ্গে রয়েছেন।
উল্লেখ্য, জাপান সফর শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর ২৯ মে দেশে ফেরার কথা রয়েছে।



