
বিশেষ সংবাদদাতা | শুক্রবার, ০৯ জুন ২০২৩ | প্রিন্ট | ১৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে

শতশত শ্রেণীবদ্ধ নথি (জাতীয় নিরাপত্তা সম্পর্কিত) হোয়াইট হাউস ত্যাগের সময় বেআইনীভাবে ফ্লোরিডার মার-এ লাগো (নিজ বাড়ি)তে নিয়ে যাবার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ৮ জুন বৃহস্পতিবার ফ্লোরিডার ফৌজদারি আদালতের গ্র্যান্ড জুরিরা অভিযোগ নামা গঠন করেছেন। দেশটির সাবেক কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি চুরির ঘটনায় এটাই প্রথম ফৌজদারি মামলা। এর আগে গত মার্চে নিউইয়র্কের সুপ্রিম কোর্টে ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।
সেখানে ৩৪টি অভিযোগ রয়েছে। সেটি হচ্ছে যৌণ হামলার ঘটনা ধামাচাপা দিতে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের অবতারণা এবং ঘুষ লেনদেনের ঘটনা। সর্বশেষ এ মামলায় নিজের বিরুদ্ধে অভিযোগ গঠনের তথ্য ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি এই মামলাকে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসাপরায়নতার অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও আইনী জগতের জন্যে এ এক কলংকিত অধ্যায়ের সূচনা ঘটালো। একইসাথে ট্রাম্প আবারো দাবি করেছেন যে, তিনি একেবারেই একজন নির্দোষ মানুষ এবং কোন অপরাধ কখনো করেননি। উল্লেখ্য, উপরোক্ত নথিসমূহ গত বছরের আগস্টে এফবিআই মার-এ লাগোতে অভিযান চালিয়ে উদ্ধার করেছে। তারপরই বিচার বিভাগ একজন স্পেশাল কাউন্সেল নিয়োগ করে ঘটনাটি খতিয়ে দেখার জন্যে। দীর্ঘ তদন্ত শেষে ফেডারেল কোর্টেরর গ্র্যান্ডজুরিরা ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অপরাধের ৭টি বিষয় চিহ্নিত করেছেন। এরমধ্যে রয়েছে জাতীয় প্রতিরক্ষা সম্পর্কিত স্পর্শকাতর তথ্যের নথি উদ্দেশ্যমূলকভাবে নিজের কব্জায় রাখা, ন্যায় বিচারে বাধা, মিথ্যা বিবৃতি প্রদান এবং ষড়যন্ত্র করা।
গুরুত্বপূর্ণ নর্থিপত্র নিজের কাছে রেখে দেয়ার অভিযোগটি গুপ্তচরবৃত্তি আইনের একটি ধারার গুরুতর লংঘনের সামিল। যদিও উত্থাপিত অভিযোগনামায় সুনির্দিষ্টভাবে এটি উল্লেখ করা হয়নি।
এসব অভিযোগ প্রমাণিত হলে ট্রাম্পকে বছরের পর বছর কারাগারে থাকতে হবে। ট্রাম্পকে মঙ্গলবার বিকেল ৩টায় ফ্লোরিডা স্টেটের মায়ামি ফেডারেল কোর্টে হাজির হবার নোটিশ দেয়া হয়েছে অর্থাৎ সে সময় তিনি আত্মসমর্পণ করে জামিন নেবেন বলে তার আইনজীবীরা জানান। উল্লেখ্য, সামনের বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্পকে নির্বাচনী প্রচারণার পাশাপাশি মামলার জন্যে আদালত পাড়ায় ঘনঘন যাতায়াত করতে হবে।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগপত্র দায়েরের প্রতিক্রিয়ায় রিপাবলিকান পার্টির খুব কমসংখ্যক সিনেটর-কংগ্রেসম্যান উল্লেখ করেছেন যে, ট্রাম্পের জনপ্রিয়তায় ভিত হয়ে বাইডেনের নির্দেশে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ট্রাম্পের বিরুদ্ধে মাঠে নেমেছে।



