
বিশ্ব ডেস্ক | সোমবার, ১২ জুন ২০২৩ | প্রিন্ট | ৫২ বার পঠিত | পড়ুন মিনিটে

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি গুরুতর অসুস্থ অবস্থায় মারা গেছেন। দেশটির গণমাধ্যম সোমবার এ খবর দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
৮৬ বছর বয়সী বেরলুসকোনি ‘কিছুদিন ধরে’ লিউকেমিয়ায় ভুগছিলেন এবং সম্প্রতি তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল। ইতালির উত্তরাঞ্চলীয় মিলান শহরের সান রাফায়েলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এখানেই সোমবার তার মৃত্যু হয়।
বেরলুসকোনি ইতালির বৃহত্তম গণমাধ্যম কোম্পানির প্রতিষ্ঠাতা। পরে তিনি ইতালির রাজনীতিতে যোগ দিয়ে অত্যন্ত প্রভাবশালী নেতায় পরিণত হন এবং পরে দেশটির প্রধানমন্ত্রীও হন।
বেরলুসকোনি ১৯৯৪ সালে প্রথম ইতালির প্রধানমন্ত্রী হন। এরপর ২০১১ সাল পর্যন্ত দেশটির চারটি সরকারের নেতৃত্ব দেন তিনি।
বেরলুসকোনি ফরচা ইতালিয়া পার্টি ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ক্ষমতাসীন ডানপন্থি জোটের অংশ। তবে মেলোনির সরকারের কোনো পদে ছিলেন না বেরলুসকোনি। তিনি ইতালির পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটের সদস্য ছিলেন।
তার মৃত্যু আগামী দিনগুলোতে ইতালির রাজনীতিকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের। তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি এবং দুর্নীতির অভিযোগ উঠলে খুব দ্রুত তিনি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হন।
এদিকে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেতো বলেন, সিলভিও বেরলুসকোনির মৃত্যুতে দেশের অপরিণত ক্ষতি তৈরি হয়েছে। তিনি বলেন, একটি যুগের অবসান ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রীর প্রতি তিনি ভালোবাসা জানিয়েছেন।



