
বিশেষ সংবাদদাতা | মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে

ডিজিটাল প্লাটফর্মের গুরুত্ব অটুট রাখতে তথ্য-প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধকল্পে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেস সোমবার বলেছেন, অনলাইন তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার ঘৃণা ও মিথ্যাচারের ভয়ংকর ক্ষতি থেকে এ বিশ্বকে রক্ষায় অবশ্যই সংঘবদ্ধ পদক্ষেপ নিতে হবে গোটাবিশ্বকেই। উদ্ভূত পরিস্থিতি আলোকে গবেষণামূলক একটি প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে মহাসচিব আরো বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের পরিপ্রেক্ষিতে অনলাইনে যে ধরনের ঘৃণামূলক বক্তব্য, ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপিত হচ্ছে-তার ফলে ইতিমধ্যেই অনেক ক্ষতি সংঘটিত হয়েছে। দিনযত যাচ্ছে হুমকির আশংকাও বেড়ে চলছে। তাই তথ্যের যথার্থতা, ধারাবাহিকতা এবং নির্ভরযোগ্যতা যাচাইয়ের অবকাশ রয়েছে তা ব্যবহারের আগে এবং এ দায়িত্বটি ব্যবহারকারিগণকেই গ্রহণ করতে হবে। মহাসচিব উল্লেখ করেন, আমি আশা করছি তথ্যের গুণগত মান যাচাইয়ের ক্ষেত্রে এই সচেতনতাবোধ জোরদার ভূমিকা পালনে সক্ষম হবে।
ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে সোস্যাল মিডিয়া চ্যানেল, সার্চ ইঞ্জিন এবং মেসেজিং অ্যাপস। এগুলো বিলিয়ন মানুষকে যুক্ত করেছে। একমাত্র ফেসবুকই ব্যবহার করছে তিন বিলিয়ন মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক সুযোগ-সুবিধা এনে দিয়েছে, সামাজিক সংকট ও দ্বন্দ্ব-সংঘাতের সময়েও অপরিসীম ভূমিকা পালন করছে, বর্ণবাদ অবসানে বিশ্বব্যাপী আন্দোলন রচনাতেও ভূমিকা রেখেছে, লিঙ্গ সমতার প্রশ্নেও এর গুরুত্ব অপরিসীম। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের গৃহিত পদক্ষেপসমূহ কার্যকর করতেও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা প্রবল। মানবাধিকার, মর্যাদাপূর্ণ জীবন-ব্যবস্থাতেও অপরিসীম ভূমিকার কথা কেউ অস্বীকার করেন না।
এমন একটি গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম এখন মানবতার দুশমনে পরিণত হতে চলেছে শুধুমাত্র অপব্যবহারের কারণে। অন্যের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো, দাঙ্গা-হাঙ্গামা বাধানোর মিথ্যা তথ্য রটনা, গণতন্ত্র এবং মানবাধিকার বিপন্নকারি কথা-বার্তা প্রচার, জনস্বাস্থ্যকে গুরুত্বহীন করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গৃহিত কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার জন্যে ডিজিটাল প্ল্যাটফর্মকে অনেকে অন্যতম হাতিয়াৎের পরিণত করেছে। এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এবং আর্ত-মানবতায় ত্রাণ তৎপরতাকেও টার্গেট করে অপপ্রচারনা চালানো হচ্ছে এবং পরিস্থিতিকে আরো বিপজ্জনক করা হচ্ছে।



