
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | শনিবার, ১৭ জুন ২০২৩ | প্রিন্ট | ৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘাতকদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সারাবিশ্বের কর্মরত সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে লড়াইরত নিউইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ তথা সিপিজে। ১৬ জুন শুক্রবার সিপিজের এশিয়া প্রোগ্রাম বিষয়ক সমন্বয়কারী বেহ লিহ ইয়ি নাদিম হত্যাকাণ্ডের সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘স্থানীয় একজন রাজনীতিককে নিয়ে রিপোর্ট করার জন্য প্রতিশোধ হিসেবে বাংলাদেশি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার নিন্দা জানাই।
বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, এই হামলার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে এবং সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং দায়মুক্তির ভয়ঙ্কর রেকর্ডের অবসান হবে।”
উল্লেখ্য, গত ১৪ জুন রাতে বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বক্সিগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম কর্মস্থল থেকে মোটর সাইকেলে বাসায় ফেরার পথে মোটর সাইকেল থেকে টেনে নামিয়ে পিটিয়ে গুরুতরভাবে আহত করে ফেলে যায় একদল হামলাকারী। নাদিমের পরিবার ও সহকর্মী সাংবাদিকদের অভিযোগ, সংবাদ প্রকাশের জের হিসেবে বক্সিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে বাবুসহ ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতারের সংবাদ গণমাধ্যমকে জাানিয়েছেন জামালপুরের পুলিশ সুপার।
নিউইয়র্কে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরাও নাদিমের ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



