
বিশেষ সংবাদদাতা | বুধবার, ১৯ জুলাই ২০২৩ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে

অবিশ্বাস্য হলেও সত্য যে, ভুল চিকিৎসার কারণে প্রতি বছর আমেরিকায় ৭ লাখ ৯৫ হাজারের মত মানুষের মৃত্যু অথবা চিরতরে ডিজেবল হচ্ছে। গভীর উদ্বেগজনক এমন তথ্য প্রকাশ করেছে বিশ্বখ্যাত ‘জোন্স হপকিন্স আর্মস্ট্রং ইন্সটিটিউট সেন্টার ফর ডায়াগনস্টিক এক্সিলেন্স’।
চিকিৎসা জগতের গতি-প্রকৃতি নিয়ে গবেষণারত যুক্তরাষ্ট্রস্থ এই সংস্থার সর্বশেষ রিপোর্ট ১৮ জুলাই প্রকাশিত হয়েছে। শীর্ষস্থানীয় চিকিৎসা বিজ্ঞানীরা আরো উল্লেখ করেছেন যে, বছরের পর বছর ধরেই চলা এহেন ভুল চিকিৎসার কথা খুব বেশী জানেন না আমেরিকানরা। একইভাবে ভুল চিকিৎসায় সত্যিকার অর্থে কত আমেরিকানের প্রাণহানী ঘটছে সেটিও জানানো হচ্ছে না। গবেষকরা বলেছেন, বছরে অন্তত: ৩ লাখ ৭১ হাজার জনের মৃত্যু এবং চিরতরে চলতে অক্ষম হচ্ছে ৪ লাখ ২৪ হাজারের মত। রোগীরা এমন পরিস্খিতির অসহায় ভিকটিম হচ্ছেন শুধু পারিবারিক চিকিৎসকের ক্লিনিকে নয়, সরকারী-বেসরকারী হাসপাতালেও ঘটছে ভুল চিকিৎসার দু:খজনক ঘটনা।
উপরোক্ত রিপোর্ট অনুযায়ী, ভুল চিকিৎসা শুরু হয় অ্যাম্বুলেন্সে উঠানোর পর থেকে জরুরী বিভাগ এবং হাসপাতালের বেডে পর্যবেক্ষণে রাখার সময়েও। অর্থাৎ রোগীর প্রতি অবহেলার চরম অবস্থা বিরাজ করছে হাসপাতাল-ক্লিনিকসমূহে। জোন্স হপকিন্স আর্মস্ট্রং ইন্সটিটিউট সেন্টার ফর ডায়াগনস্টিক এক্সিলেন্স’র পরিচালক ড. ডেভিড নিউম্যান-টোকার উল্লেখ করেছেন, চিকিৎসা-ব্যবস্থায় সতর্কতা অবলম্বন তথা রোগীর ওপর গভীর পর্যবেক্ষণ চালিয়ে চিকিৎসা-পদ্ধতি অবলম্বন করা হলে ভুল চিকিৎসার মাত্রা কমবে কিংবা এমন নাজুক পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। এটাকে ‘হেলথ ইমার্জেন্সি’ হিসেবেও অভিহিত করা যায়। প্রকাশিত রিপোর্টের আলোকে ড. নিউম্যান-টোকার গণমাধ্যমের কাছে আরো উল্লেখ করেছেন যে, একজন রোগীর লক্ষণগুলো যখন গতানুগতিক না হয়ে ভিন্নভাবে চিকিৎসকের কাছে ধরা পড়ে, তখোনই ভুল চিকিৎসার ভিকটিম হন রোগীরা। উপসর্গ যত সুক্ষ্ণভাবে দেখার চেষ্টা করা হয় ততোই ভুল চিকিৎসার আশংকা বাড়ে। চিকিৎসকরা কখনোই পক্ষাঘাতকে মিস করেন না, যখন কোন রোগীর শরীরের এক পাশ পক্ষাঘাতগ্রস্ত হয় কিংবা অবশ হয়ে পড়ে কিংবা কথা বলতে পারেন না। কিন্তু রোগী পক্ষাঘাতে আক্রান্ত হন অথচ উপসর্গ দৃশ্যমান হয় না বা চিকিৎসকের নজরে আসে না, তখোনই সমস্যা তৈরী হয় এবং চিকিৎসকেরা ভুল চিকিৎসা করেন।
উপরোক্ত গবেষণা প্রতিবেদন অনুযায়ী গড়পরতা ভুল চিকিৎসার শিকার হচ্ছে ১১% রোগী। তবে কোন কোন রোগের চিকিৎসায় ভুল হবার ঘটনা একেবারেই কম হচ্ছে। অপরদিকে, ভুল চিকিৎসাও হচ্ছে অনেক রোগের। হৃদরোগের ভুল চিকিৎসার ঘটনা ঘটছে মাত্র ১.৫%। অপরদিকে, মেরুদন্ডের ফোড়ার ৬২% রোগী ভুল চিকিৎসার ভিকটিম হচ্ছেন।



