
স্পোর্টস ডেস্ক: | বুধবার, ০২ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | ১৩৮ বার পঠিত | পড়ুন মিনিটে

২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসিকে কি দেখা যাবে? কাতার বিশ্বকাপের পর থেকেই এই প্রশ্ন ঘুরছে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে তো প্রায়ই এ প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। বরাবরের মতো নতুন এক সাক্ষাৎকারে স্কালোনি আবারও বললেন, মেসি চাইলে সেটা অসম্ভব কিছু নয়।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে হতে যাওয়া বিশ্বকাপে নিজে থাকবেন কি-না সে নিশ্চয়তা দিতে পারছেন না স্কালোনি। তবে মেসিকে নিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলছেন, ‘আমি মেসিকে বলবো না কোপা আমেরিকায় খেলো না। সে দারুণ খেলছে। পরের বিশ্বকাপ? আমি নিজেকে দেখি কি-না, সেটা জানি না। কিন্তু যতদিন সে (মেসি) চায়, ততদিন খেলার সামর্থ্য তার আছে’।
কাতার বিশ্বকাপের পর মেসি অবশ্য একাধিকবার বলেছেন, শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন তিনি। তবে এ মৌসুমে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া এই কিংবদন্তি রয়েছেন দারুণ ছন্দে। তাই আরও একটা বিশ্বকাপে তাকে দেখতে এখনই যেন উদ্গ্রীব হয়ে উঠেছেন ভক্তরা। যদিও আগামী বিশ্বকাপে তার বয়স দাঁড়াবে ৩৯।
আর্জেন্টিনাকে বদলে দেওয়া স্কালোনি কথা বলেছেন নিজেকে নিয়েও। ২০১৮ সালে মেসিদের দায়িত্ব পান তিনি। ২০২১ সালে তার হাত ধরেই কোপা আমেরিকা জয়ের মধ্যে দিয়ে শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা। এরপর দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার ইতি টেনে জয় করে বিশ্বকাপ।
এমন সাফল্যের পর আর্জেন্টিনা কোচের জীবন বদলে যাওয়াটাই স্বাভাবিক। স্কালোনি অবশ্য বলছেন, ‘আমার জীবনে খুব বেশি পরিবর্তন আসেনি। জীবনকে একই রকম রাখার চেষ্টা করি।’
যোগ করেন, ‘ফুটবলে ফলাফল যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে আচার-ব্যবহারও। ২০১৯ সালে আমরা কোপা আমেরিকা জিততে পারিনি। তবে এটা আমাদের জন্য ভালো অভিজ্ঞতা ছিল। আর সে কারণেই আমাদের সাফল্যগুলো সম্ভব হয়েছে।’



