
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ০৬ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | ২১৪ বার পঠিত | পড়ুন মিনিটে

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে জঙ্গি হামলার জন্যে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ফৌজদারি মামলায় অভিযুক্ত করার পর ক্ষুব্দ ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচারক, কৌশলীসহ আদালতের সকলকে শুক্রবার প্রচ্ছন্ন হুমকি দিয়ে লিখেছেন, ‘তুমি যদি আমার পিছে লাগো, আমিও তোমার পিছে লাগবো’ (IF YOU GO AFTER ME, I’M COMING AFTER YOU!”)। এ অবস্থায় বিব্রত যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় সকল পর্যায়ের কর্মকর্তাগণের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট শনিবার ফেডারেল বিচারপতি তানিয়া চুৃটকান ট্রাম্পের প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন যে, বিচারাধীন মামলার তথ্য-উপাত্ত নিয়ে অযথা কথা বলা থেকে কেন তাকে (ট্রাম্পকে) বারণ করা হবে না সে মর্মে ৭ আগস্ট সোমবার অপরাহ্ন ৫টার মধ্যে জবাব দাখিল করতে হবে।
আইনজীবীগণের মাধ্যমে এই নোটিশ বিতরণ করা হয়েছে। আইনজীবীগণকে মাননীয় আদালতে জানাতে হবে যে, ক্যাপিটল হিলে জঙ্গি হামলায় ট্রাম্পের সংশ্লিষ্টতার যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা নিয়ে কোন কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা টিভিতে কেন নিষিদ্ধ করা হবে না তার পক্ষে যথাযথ যুক্তি প্রদর্শন করতে হবে। সরকারী কৌশলীরা শুক্রবার রাতেই মাননীয় আদালতে এ দাবিতে আবেদন জানিয়েছেন। কারণ, বিচারাধীন মামলা নিয়ে যে ধরনের হুমকি উচ্চারিত হয়েছে তা বিচারপতি, আইনজীবী এবং সাক্ষীগণকে ভীতির মধ্যে নিপতিত করতে পারে।
উল্লেখ্য, বিচারপতি তানিয়া চুটকানকে ২০১৪ সালে প্রেসিডেন্ট ওবামা নিয়োগ করেন। আরো উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দিতে ট্রাম্প তার সমর্থকদের উষ্কে দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাধরনের পোস্টিংয়ের মাধ্যমে। রাষ্ট্রপক্ষের উপরোক্ত আবেদনের পর ট্রাম্পের নির্বাচনী প্রচারটিমের পক্ষ থেকে প্রদত্ত বিবৃতিতে ট্রাম্পের ওই বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবে অভিহিত করে বলা হয় যে, বিচারাধীন মামলার আইনজীবী অথবা তদন্ত কর্মকর্তা কিংবা বিচারপতি কারো উদ্দেশ্যেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়নি। সেটি নিতান্তই ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের উদ্দেশ্যে।



