
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | ৫১ বার পঠিত | পড়ুন মিনিটে

নিউইয়র্কে হাজীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ‘বিশেষ সম্মাননা ক্রেস্ট’ নিচ্ছেন স্টেট সিনেটর মাসুদুর রহমান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
কানেকটিকাট স্টেটের সিনেটর মাসুদুর রহমান সকলকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্যের সাথে কাজ করার আহবান জানিয়ে বলেছেন, লক্ষ্য স্থির করে নিষ্ঠার সাথে কাজ করলে দিন শেষে সকলের সমর্থন মিলবেই। স্বীকৃতি আসবেই। কেউ গুরুত্ব দিচ্ছে না অথবা অবজ্ঞা করছে বলে শুরুতেই যদি থেমে যান তাহলে চলবে না। লেগে থাকতে হবে। যারা অবজ্ঞা করছে তাদেরকে জানাতে হবে যে আপনি দমে যাওয়ার লোক নন। তাহলেই সাফল্যের সিঁড়ি অতিক্রমের পথ সুগম হবে। স্টেট সিনেটের পরিকল্পনা ও উন্নয়ন সম্পর্কিত কমিটির চেয়ারম্যান বাংলাদেশী আমেরিকান সিনেটর মাসুদুর রহমান ৬ আগস্ট নিউইয়র্কে হাজীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রদত্ত সম্বর্ধনা-সমাবেশে আরো বলেন, ‘দ্যায়ার ইজ নো কম্যুনিটি উইদাউট দ্য ইউনিটি। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোন ত্যাগের বিনিময়ে। অন্যের মতামতকেও শ্রদ্ধা জানাতে হবে দ্বিমত পোষণের আগে।
এমন মনোবল নিয়েই আমি আজকের অবস্থানে আসতে সক্ষম হয়েছি। উল্লেখ্য, গত বছরের নির্বাচনে কানেকটিকাট স্টেট সিনেটের (চতুর্থ ডিস্ট্রিক্ট) সর্বোচ্চ ভোটের ব্যবধানে ডেমক্র্যাটিক পার্টির টিকিটে জয়ী হয়েছেন হাজীগঞ্জের সন্তান মাসুদুর রহমান। উল্লেখ্য, মাসুদুর হচ্ছেন কানেকটিকাট স্টেট সিনেটে দ্বিতীয় মুসলমান সিনেটর এবং প্রথম পুরুষ মুসলিম। তাঁর এ বিজয়ে উৎফুল্ল এলাকাবাসী ঐ সম্বর্ধনা-সমাবেশে তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন। সামনের দিনগুলোতেও চাঁদপুরবাসীর সমর্থন অব্যাহত থাকবে বলে সকলে অঙ্গিকার করেছেন। সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মোর্শেদ আলম, ফারুক হোসেন মজুমদার, জামান তপন, আমিন খান জাকির, মামুন মিয়াজি, সাইফুল ইসলাম, ছিদ্দিক পাটোয়ারী, সোহেল গাজী, মামুনুর রহমান মজুমদার, শাহদাৎ হোসেন মজুমদার, লুৎফর রহমান চুন্নু, শহিদ আহমেদ প্রমুখ। সিনেটর মাসুদুর রহমান এ সময় উপস্থিত অনেকের সাথে বহুজাতিক এ সমাজে নিজের অভীষ্ঠ লক্ষ্যে পৌছানোর ব্যাপারেও মতবিনিময় করেছেন। অন্যদের কথা গভীর মনোযোগ দিয়ে শুনেছেন। উল্লেখ্য, গেল সপ্তাহেই বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাটের পক্ষ থেকেও ব্যাপক আয়োজনে তাঁকে নাগরিক সম্বর্ধনা প্রদান করা হয়। সেখানে কানেকটিকাট স্টেটের এটর্নী জেনারেল উইলিয়াম টং-সহ পদস্থ কর্মকর্তারাও ছিলেন।
কানেকটিকাট স্টেট সিনেটের ডেপুটি প্রেসিডেন্ট (প্রো-টেম্প) মাসুদুর রহমান দুই যুগ আগে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই কঠোর পরিশ্রম করছেন আমেরিকান স্বপ্ন পূরণের অভিপ্রায়ে। হেল্থকেয়ার সেক্টরে বেশ কটি ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও নির্মান এবং রিয়েল এস্টেট ব্যবসায় সুফল পাচ্ছেন। এসব ব্যবসার সূত্রেই অ্যান্ডোভার, বল্টন, গ্ল্যাস্টোনবিউরি এবং ম্যানচেস্টার এলাকার মানুষের সাথে চমৎকার সম্পর্ক গড়ে উঠেছে। বলার অপেক্ষা রাখে না, কানেকটিকাটের ৫ সহস্রাধিক মানুষকে তিনি কাজ দিয়েছেন নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে। ব্যবসা এবং হিসাব বিজ্ঞাণে উচ্চতর ডিগ্রিধারি মাসুদুর রহমান সেন্ট্রাল কানেকটিকাট চেম্বার অব কমার্সের নির্বাহী বোর্ড, এডুকেশন ফাউন্ডেশনের ভাইস চেয়ার, এবং সেন্টেনিয়েল লায়ন্স ক্লাবেরও প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। কানেকটিকাট এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ড ককাসের কো-চেয়ারের দায়িত্বও পালন করেছেন মাসুদুর রহমান। এহতসব গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যেও নিজ কম্যুনিটিকে ভুলেননি এবং সে তাগিদেই ২০২১ সালে ম্যানচেষ্টারে প্রতিষ্ঠা করেছেন ‘বাংলাদেশ ভবন কম্যুনিটি সেন্টার’। করোনাকালে এই সেন্টারকে ব্যবহার করা হয় টিকা প্রদানের ক্লিনিক হিসেবে। এখন সেটি ক্রমবর্দ্ধমান কম্যুনিটির মিলনকেন্দ্রে পরিণত হয়েছে। ৩ সন্তান এবং স্ত্রী ইয়েলিনাকে নিয়ে সিনেটর মাসুদ বাস করছেন ম্যানচেস্টারে।



