
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | ১১৬ বার পঠিত | পড়ুন মিনিটে

আমেরিকান ৫০% নাগরিকই স্বীকার করেছেন যে, তারা কোন না কোনভাবে গাঁজা, আফিম অথবা ভাঙে আসক্ত হয়েছেন। নেশার গতি-প্রকৃতি আলোকে গ্যালোপ পরিচালিত সর্বশেষ জরিপে আরো উদঘাটিত হয়েছে যে, গত বছর এমন মনোভাব পোষণকারি আমেরিকানের সংখ্যা ছিল ৪৯% এবং তারও আগের বছর অর্থাৎ ২০২১ সালে ছিল ৪৮%। অর্থাৎ টানা তিন বছরে গাঁজার প্রতি আসক্তি ১% করে বেড়েছে। এর আগে ২০১৭ সালে গ্যালোপ পরিচালিত জরিপে এ হার ছিল ৪৫%।
গাঁজার প্রতি আমেরিকানদের আসক্তি বৃদ্ধির এ জরিপ রিপোর্ট ১৭ আগস্ট প্রকাশিত হয়েছে। একই জরিপে আরো উদঘাটিত হয়েছে যে, এখন প্রতি ৬ জনের একজনই নিয়মিতভাবে গাঁজা সেবন করেন অর্থাৎ এ হার হচ্ছে ১৭%। উল্লেখ্য, নিউইয়র্ক, মিনিয়াপলিসসহ বিভিন্ন স্টেটেই গাঁজা বৈধতা পেয়েছে। এরফলে সিগারেটের পরিবর্তে উঠতি বয়েসী তরুণ-তরুণীরা প্রকাশ্যে গাঁজা সেবনকে স্টাইল হিসেবে বেছে নিয়েছেন। কলেজ-ভার্সিটিতেও এখন গাঁজার গন্ধ অনেকেরই গা শওয়া হয়ে পড়েছে।
জুলাইয়ের ৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত গ্যালোপ এ জরিপ চালিয়েছে। এর আগেও এ নিয়ে জরিপ চালায় বিশ্বখ্যাত এই সংস্থাটি। ১৯৬৯ সালে ৪% আমেরিকান গাঁজায় আসক্ত ছিলেন এবং ৮ বছরের ব্যবধানে ১৯৭৭ সালে তা বেড়ে ২৪% হয়েছিল। ১৯৮৫ সালের জরিপে তা আরো ৯% বেড়েছিল। ২০১৫ সাল পর্যন্ত কমবেশী গাঁজায় আসক্ত আমেরিকানের হার ছিল ৪০% পর্যন্ত। বর্তমানের জরিপে দেখা গেছে, ১৮ থেকে ৩৪ বছর বয়েসীর ২৯% গাঁজা সেবন করেন হরদম। ৩৫ থেকে ৫৪ বছর বয়েসীর ১৭% দিনে অন্তত: একবার গাঁজার সংস্পর্শে আসেন। ৫৫ বছরের অধিক বয়েসীর ৯% গাঁজা সেবন করতে ভালবাসেন। এর আগে অপর এক পরিসংখ্যানে উদঘাটিত হয়েছে যে, বিশ্বে সবচেয়ে বেশী গাঁজাখোর বাস করছে নিউইয়র্ক সিটিতে অর্থাৎ সবচেয়ে বেশী গাঁজা বিক্রি হচ্ছে নিউইয়র্কে।



