
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | ৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে

জর্জিয়া স্টেটের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল তার পক্ষে আনার জন্যে হোয়াইট হাউস থেকে টেলিফোনে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই মামলায় জামিন নিতে আটলান্টাস্থ ক্রিমিনাল কোর্টে সোমবার দুই লাখ ডলার বন্ড প্রদানের চুক্তি করলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।
একইসাথে মাননীয় আদালতের সাথে জামিন-সমঝোতার অন্যতম শর্ত হচ্ছে ট্রাম্প এই মামলার কোন সাক্ষীকে হুমকি দিতে পারবেন না। এমনকি মামলাটির অপর ১৮ জন অভিযুক্তের সাথেও কোন কথা বলতে পারবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোন কিছু লিখতে পারবেন না। অন্যকে দিয়েও হুমকিমূলক কোন পোস্ট দিতে পারবেন না বলে মাননীয় আদালত জামিনের শর্তে উল্লেখ করেছেন। উল্লেখ্য, গত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার ষড়যন্ত্রসহ যৌন নির্যাতনের তথ্য ফাঁস না করতে এক যৌণ-কর্মীকে ঘুষ প্রদানের অভিযোগে এ নিয়ে ৪টি মামলা হলো ট্রাম্পের বিরুদ্ধে। অন্যগুলোর জামিন নিতে অবশ্য কোন বন্ড দিতে হয়নি।
আটলান্টার মামলাটি অন্যতম জঘন্য টাইপের অপরাধ বলে নগদ অর্থের বন্ড দিয়ে জামিন নিতে হচ্ছে। আর এ জামিনের জন্যে বৃহস্পতিবার ট্রাম্প আটলান্টায় গিয়ে গ্রেফতার-বরণ করবেন বলেও তার আইনজীবীরা উল্লেখ করেছেন। প্রসঙ্গত: উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম সাবেক কোন প্রেসিডেন্ট যার বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা হলো। যদিও প্রতিটি মামলার অভিযোগকেই ট্রাম্প অস্বীকার করেছেন। এছাড়া, মামলাসমূহের বিচারিক কাযক্রম ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনের পর শুরুর আবেদন জানিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা। তবে কোন আদালতই তাতে সাঁয় দেয়নি। অপরদিকে, সামনের নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়নের দৌড়ে অবতীর্ণ ডনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন যে, তার জনপ্রিয়তায় ভীত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ একের পর এক মামলা দায়ের করছে,যা আদৌ সত্য-নির্ভর নয়। এসব মামলাকে ট্রাম্প তাঁর নির্বাচনী বৈতরণী পাড়ি দেয়ার অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহারের প্রক্রিয়া শুরু করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন।



