
লাবলু আনসার, কানাডা থেকে | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | ৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে

কানাডার এমপি অ্যানি কৌটরাকিস বাংলাদেশ প্রতিদিনের সাথে কথা প্রসঙ্গে ২ সেপ্টেম্বর সন্ধ্যায় বললেন যে, বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে দন্ডিত নূর চৌধুরী কীভাবে কানাডায় বসবাস করছেন তা নিয়ে কানাডা সরকারের সাথে কথা বলবেন। ফোবানার দ্বিতীয় দিনের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানের আগে এ সংবাদদাতার সাথে বাংলাদেশি কানাডা এবং বাংলাদেশ নিয়ে আলোচনাকালে কানাডা পার্লামেন্টের প্রভাবশালী সদস্য এবং পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত ডেপুটি মিনিস্টার অ্যানি বলেন, মানবাধিকার, আইনের শাসন, নারী ক্ষমতায়নসহ সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতত্বেস বেশ অগ্রগতি সাধিত হয়েছে জেনে আমি সন্তুষ্ট। তবে বাংলাদেশের জাতিরপিতা বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে মৃত্যুদন্ডে দন্ডিত নূর চৌধুরী প্রসঙ্গে তিনি স্পষ্ট করে কিছু জানেন না বলে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাননি।
তবে সরকারের কাছে থেকে বিস্তারিত জেনে প্রসঙ্গটি নিয়ে পরবর্তীতে কথা বলার আশা পোষণ করেছেন অ্যানি কৌটরাকিস। একইসাথে একথাও উল্লেখ করেন যে, মানবাধিকার লঙ্ঘনকারী কানাডায় যুগের পর যুুগ ধরে বাস করছে বিষয়টি নিয়ে তিনি সরাসরি মন্তব্য করার অধিকার রাখেন না। এ নিয়ে সরকারের সাথে যোগাযোগ করবেন।
উল্লেখ্য, ফোবানার সাবেক চেয়ারপার্সন ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী সে সময় অ্যানি কৌটরাকিসকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার ঘটনাবলি ছাড়াও নারী ক্ষমতায়ন, সন্ত্রাস দমনের পাশাপাশি বাংলাদেশের মানুষের জীবন-মানের উন্নয়নে প্রভূত উন্নতিসাধনের তথ্য অবহিত করেন।
পরে বক্তব্যকালে অ্যানি কৌটরাকিস বলেন, কানাডার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ৫২ বছর ধরেই অব্যাহত রয়েছে। সম্পর্কের এই দিগন্ত প্রসারিত করতে কানাডায় বসবাসরত বাংলাদেশিদের আজকের এ আয়োজনের গুরুত্ব অপরিসীম।

কানাডা পার্লামেন্টের অপর এমপি এ্যাঞ্জেলো ইয়াকনো প্রধানমন্ত্রী জাস্টিন পি জে ট্রুডোর শুভেচ্ছা বানী উপস্থাপনের পর বলেন, বাংলাদেশের সাথে কানাডার কূটনৈতিক, বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের বহুবিধ উন্নয়নের অংশিদার। বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক আরো মজবুত করতে ফোবানার ভূমিকা অপরিসীম। আমি কানাডায় বসবাসরত লক্ষাধিক বাংলাদেশির কর্মনিষ্ঠা এবং মাতৃভূমির প্রতি মমত্ববোধের প্রশংসা করছি।
ফোবানার অতিথি হিসেবে কানাডায় বাংলাদেশের হাই কমিশনার ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকে (যুক্তরাষ্ট্রের নামোল্লেখ না করে) নাক গলাচ্ছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল এমন আচরণে কানাডা কখনোই লিপ্ত ছিল না, আশা করছি সামনের জানুয়ারির নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের দৃঢ় অঙ্গিকার বাস্তবায়নে তারা সর্বাত্মক সহায়তা অব্যাহত রাখবে। হাই কমিশনার খলিল বলেন, শেখ হাসিনার নেতত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে গণতান্ত্রিক বিশ্বকে সহায়তা অব্যাহত রাখতে হবে।
মন্ট্রিয়লের লাভাল শেরাটন হোটেলের বলরুমে হাজার হাজার প্রবাসীর উচ্ছ¡ল উপস্থিতিতে ১ সেপ্টেম্বর শুরু হওয়া ফোবানার এ সম্মেলনের দ্বিতীয় দিবসে বিশ্ব মানচিত্রে বাঙালির বিশেষ একটি স্থানে অধিষ্ঠিত হওয়ার ধারাবিবরণী সম্বলিত গীতি-নৃত্য আলেখ্য সকলের প্রশংসা কুড়িয়েছে। এটি পরিবেশন করে নিউইয়র্কের ‘বাংলাদেশ লীগ অব আমেরিকা’। সাংস্কৃতিক পর্বের মধ্যমণি ছিলেন মমতাজ এমপি, বালাম, ড. রফিক খান এবং মিসেস খান।



