
প্রতিদিন ডেস্ক | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে

জি-২০ শীর্ষ সম্মেলনে এসে নিজের বিমান বিকলে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আটকে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এখন তাকে নিতে ভারত আসছে বিকল্প উড়োজাহাজ। খবর টরেন্টো স্টার।
টরেন্টো স্টার জানিয়েছে, একটি সিসি-১৫০ পোলারিস উড়োজাহাজ ওন্টারিওর সামরিক ঘাঁটি ছেড়েছে। লন্ডনে এটির সঙ্গে যোগ দেবে আরেকটি সিসি-১৪৪ চ্যালেঞ্জার উড়োজাহাজ। এগুলো সোমবার রাতের মধ্যেই ভারত পৌঁছানোর কথা।
ৎকানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালের মধ্যে ট্রুডোসহ প্রতিনিধি দল ভারত ছাড়তে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি দলকে বহনকারী উড়োজাহাজ মেরামতের জন্য একজন টেকনিশিয়ান ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। টেকনিশিয়ান যদি মেরামত করতে না পারেন তাহলে বিকল্প উড়োজাহাজ প্রতিনিধি দলকে কানাডায় নিয়ে যাবে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসেন ট্রুডো। দু’দিনের সম্মেলন রবিবার শেষ হওয়ায় ওই দিনই দেশে ফেরার পরিকল্পনা ছিল। ভারতের স্বাধীনতার মহানায়ক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে তাকে ভারতেই থাকতে হয়েছে।



