
বিশেষ সংবাদদাতা | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ৪৩ বার পঠিত | পড়ুন মিনিটে

এশিয়ান-আমেরিকান চেম্বারের সম্মেলনে সেরা ব্যবসায়ীগণের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
আমেরিকায় বসবাসরত এশিয়ার ৪৮ দেশের ব্যবসায়ীরা মার্কিন অর্থনীতিতে (জিডিপিতে) ২৫% অবদান রাখছেন, যা দেড় ট্রিলিয়ন ডলারের সমান। অথচ কমিউনিটি ঐক্যবদ্ধ না থাকা অথবা সঠিক নেতৃত্বের অভাবে মার্কিন সরকারের দেয়া সুযোগ-সুবিধা ও আইনী সহায়তার সবটুকু পাচ্ছেন না তারা। এ অবস্থায় ‘আমেরিকান চেম্বার অব কমার্স’র পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে সকল সুবিধা আদায় সম্ভব বলে মত দেন বক্তারা। এ সময় উল্লেখ করা হয় যে, যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৫.৮% হচ্ছেন এশিয়ান-আমেরিকান ও প্রশান্ত মহাসাগরিয় অঞ্চলের মানুষ। তারা ট্যাক্স প্রদানকারিদের ৭.৭% এবং যুক্তরাষ্ট্রের মানুষ দৈনন্দিন যত পরিমাণের অর্থ ব্যয় করেন তার ৬.৮% করছেন এশিয়ানরা।
এশিয়ান আমেরিকান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জয় চৌধুরীর সভাপতিত্বে ১৩ অক্টোবর শুক্রবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস জুইস সেন্টারে ব্যবসায়ীগণের সম্মেলনে এ অভিমত পোষণ করেন ব্যবসায়ী নেতারা। চীন, বাংলাদেশ, ভারত, শ্রীলকা, জাপান সহ এশিয়ার ৪৮ দেশের ব্যবসায়ীদের মোট ব্যবসার ৬২ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি পর্যারের। কিন্তু কিছু আইনগত সীমাবদ্ধতার কারণে মার্কিন সরকারের দেয়া অনেক সুযোগ সুবিধাই কাজে লাগাতে পারছেন না এশিয়ান-আমেরিকান ব্যবসায়ীরা।
শুধু চেম্বার নেতারা নন নিউইয়র্ক স্টেট গভর্নর, কমিশনার, সিটি কমিশনারসহ স্থানীয় সরকারের নানা সংস্থার প্রতিনিধিরাও সম্মিলনে যোগ দেন। তারা ইমিগ্র্রান্ট তথা এশিয়ান আমেরিকান ব্যবসা সম্প্রসারণে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। উল্লেখ্য, এশিয়ার ৪৮ দেশের ব্যবসায়ীদের সংঘবদ্ধ করে এ ধরণের আয়োজন নিউইয়র্কে এটিই ছিল প্রথম।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখায় এ সম্মেলনের পক্ষ থেকে বাংলাদেশীসহ এশিয়ার ১০ দেশের ব্যবসায়ী নেতাকে সম্মাননা প্রদান করে ‘এশিয়ান চেম্বার অব কমার্স।’
এ সম্মেলনে বক্তব্য রাখেন নিউইয়র্কের স্টেট এ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা, নিউইয়র্ক সিটি স্মল বিজনেস এক্সিকিউটিভ ডাইরেক্টর মাইকেল ফগ, নিউইয়র্ক স্টেট পোর্ট অথরিটি ডাইরেক্টর মি: হার্স, ইন্দোনেশিয়ান লিডার এটর্নী ইভ চো গুইলেরগন, কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার আবদুর রহিম হাওলাদার এবং মোহাম্মদ আলী, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সেক্রেটারি জে মোল্লা সানী, সিপিএ মোহাম্মদ চিশতি, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস এম সোলায়মানসহ এশিয়ান আমেরিকান ব্যবসায়ী নেতৃবৃন্দ।



