
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে

দুর্ঘটনায় নিহত রাকিবুল হাসান। ছবি-সংগ্রহ।
নিউইয়র্ক সিটির ব্রুকলিনের বেল্ট পার্কওয়েতে সোমবার রাত সাড়ে ১০টায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি উবার চালক রাকিবুল হাসান (২৪) মারা গেছেন। ৪ বছর আগে মা-বাবা-ভাইয়ের সাথে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে আসা রাকিবুলের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায়। পুলিশ জানায়, চাচা মোহাম্মদ হানিফের টয়োটা প্রাইয়াস চালাতেন রাকিবুল। শিফট শেষে বেল্টপার্কওয়ে ধরে বাসায় ফেরার সময় ফ্লাটবুশ এভিনিউর নিকটে প্লামবীচ এলাকা অতিক্রমকালে দ্রুতগামী একটি বিএমডব্লিউ তার গাড়িতে প্রচন্ড বেগে ধাক্কা দেয়। প্রায় একইসময় অন্য পথ দিয়ে আসা সিআরভি হুন্ডাও রাকিবুলের গাড়ির সাথে ধাক্কা খায় এবং রাকিবুলের গাড়িটি চূর্ণ-বিচূর্ণ হয়।
সংবাদ পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্স এবং পুলিশ ঘটনাস্থলে এসে মারাত্মক আহত অবস্থায় রাকিবুলকে ব্রুকলীনস্থ এনওয়াইইউ ল্যাঙ্গুন হাসপাতালের জরুরী বিভাগে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন হুন্ডা সিআরভির ৩৫ বছর বয়সী নারী ড্রাইভার এবং বিএমডব্লিউর ২৩ বছর বয়সী যুবক ড্রাইভার। এজন্যে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোন অভিযোগ লিপিবদ্ধ করা না হলেও পুলিশ জানিয়েছে যে, দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
রাকিবুল আমেরিকার স্বপ্ন পূরণের অভিপ্রায়ে হাই স্কুল ডিপ্লোমার জন্যে জিইডি প্রোগামে ভর্তি হয়েছিলেন। নিজের এবং পরিবারের খরচ সংগ্রহের জন্যে একইসাথে উবার চালাতেন বলে তার চাচা পুলিশকে জানিয়েছেন। তার অকাল মৃত্যুতে গোটা পরিবারই শুধু নয় প্রবাসীদের মধ্যেও শোকের ছায়া নেমে এনেছে।



