
বিশেষ সংবাদদাতা | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ৫২ বার পঠিত | পড়ুন মিনিটে

যোশ পোল। ছবি-সংগ্রহ।
হামাসকে নির্মূলের অভিপ্রায়ে ইসরায়েলকে সমরাস্ত্র প্রদানের প্রতিবাদে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাজনীতি-সামরিক বিষয়ক কংগ্রেসনাল এবং জনসংযোগ পরিচালক যোশ পোল চাকরিতে ইস্তফা দিয়েছেন। ১৯ অক্টোবর নিউইয়র্ক টাইমস পোলের পদত্যাগ পত্রের কপিসহ মার্কিন আগ্রাসী কর্মকান্ডের নিরব প্রতিবাদের চাঞ্চল্যকর সংবাদটি ‘স্টেট ডিপার্টমেন্ট অফিসিয়াল রিজাইন্স অভার আর্মস ট্র্যান্সফার টু ইসরায়েল’ (State Department Official Resigns Over Arms Transfers to Israel ) শিরোনামে প্রকাশ করেছে। উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর যাবত স্টেট ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পালনকালের প্রসঙ্গ উল্লেখ করে যোশ পোল উল্লেখ করেছেন যে, বাইডেন প্রশাসনের একপেশে নীতি যুক্তরাষ্ট্রের মৌলিক আদর্শের পরিপন্থি অর্থাৎ মানবিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক চেতনা নিয়ে প্রকাশ্যে যা বলা হচ্ছে বাস্তবে তার বিপরীত আচরণ করছে। এ ধরনের পদক্ষেপ ধ্বংসাত্মক এবং স্ববিরোধি বলেও মন্তব্য করেছেন যোশ পোল। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বাইডেনের পদক্ষেপে ক্ষুব্ধ যোশ পোল আরো বলেছেন, ইসরায়ের আহবানে যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তা শুধু ফিলিস্তিনি নয়, ইসরায়েলিদের দুর্দশাকেও গভীর থেকে গভীরতর করবে। আমার ভয় হচ্ছে যে বিগত দিনের ভুলেরই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে এবং সে আশংকা থেকেই এহেন ভুলের অংশিদার আর হতে চাই না।
পদত্যাগ পত্র ১৮ অক্টোবর সাবমিটের পরই গণমাধ্যমে প্রদত্ত সাক্ষাৎকারে যোশ পোল বলেন, ইসরায়েলিরা গাজায় পানি, খাদ্য সরবরাহ, চিকিৎসা ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। গাজায় ২০ লক্ষাধিক মানুষের অবর্ণনীয় দুর্দশা লাঘবে যুক্তরাষ্ট্রের উচিত হচ্ছে মানবাধিকার লংঘন করতে পারে এমন মার্কিন-সামরিক সরঞ্জাম গাজা থেকে দ্রুত সরিয়ে নেয়ার কিন্তু সে সব নীতিকথার বিন্দুমাত্র কার্যকর করতে দেখা যাচ্ছে না।
জানা গেছে, গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যেই বুধবার প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েল সফর করেন। ওয়াশিংটন ডিসিতে ফিরে তিনি ১০ বিলিয়ন ডলারের মার্কিন সমরাস্ত্র-সহ সাহায্য-সামগ্রি প্রেরণের জন্যে কংগ্রেসের প্রতি আহবান জানাতে পারেন স্থানীয় সময় বৃহস্পতিবার অপরাহ্নে প্রদত্ত ভাষণে। বাইডেন অবশ্য তেলআবিব সফরকালে নেতানিয়াহুকে অনুরোধ জানিয়েছেন গাজায় ত্রাণ সহায়তা প্রেরণে নিকট প্রতিবেশী দেশের সীমান্তকে নিরাপদ রাখতে। রেডক্রস সহ জাতিসংঘের কর্মীরা যাতে নির্বিঘ্নে দুর্গতদের মধ্যে খাদ্য সরবরাহ, চিকিৎসা সেবা প্রদানে সক্ষম হন সে ব্যবস্থার আহবানও রেখেছেন।



