Advertisement Placeholder

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে হরিবল অবস্থা :সম্মেলন দাবিতে সোচ্চার তৃণমূলের নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে হরিবল অবস্থা :সম্মেলন দাবিতে সোচ্চার তৃণমূলের নেতা-কর্মীরা

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন এম ফজলুর রহমান।

২০১৮ সালের পর জাতিসংঘ কিংবা বিশ্বব্যাংক সফরকালিন সময়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির স‍ংবর্ধনা সমাবেশে সভাপতিত্ব করার সুযোগ এবং কখনো কখনো মঞ্চে উঠার অনুমতিও পাননি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সর্বশেষ গত সেপ্টেম্বরের ২২ তারিখে নিউইয়র্কের নাগরিক সংবর্ধনা সমাবেশের মঞ্চে উপবেশনের সুযোগ পেলেও সভাপতিত্ব করেছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। এরফলে তৃণমূলের সকল নেতা-কর্মীর ধারণা বদ্ধমূল হয়েছে যে, ড. সিদ্দিকের প্রতি সভাপতি শেখ হাসিনার ন্যূনতম আস্থা নেই। এ অবস্থায় ড. সিদ্দিকের উচিত ছিল পদত্যাগ করার।

কিন্তু তা না করে তিনি পুরনো স্টাইলে সংগঠনের শুণ্যপদ পূরণসহ স্টেট সমূহে নয়া কমিটির ঘোষণা দিয়েছেন। এমনি একটি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্কে এম ফজলুর রহমানের সভাপতিত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেটি যৌথভাবে পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন এবং নির্বাহী সদস্য হিন্দাল কাদির বাপ্পা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, শামসুদ্দিন আজাদ, নিজাম চৌধুরী, হেলালুল করিম, মহিউদ্দিন দেওয়ান, আশরাফুজ্জামান, কাজী কয়েস, শরিফ কামরুল হীরা, খোরশেদ খন্দকার, আতাউল গনি আসাদ, আলী হোসেন গজনবী, মোর্শেদা জামান, জাহাঙ্গির হোসেন, মমতাজ শাহনাজ, শারমিন আকতার দীবা প্রমুখ। বক্তারা সময়ের দাবি অনুযায়ী এম ফজলুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আহবান জানান। সে অনুযায়ী এই সভার বরাতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সমীপে একটি আবেদন প্রেরণের সিদ্ধান্ত হয় এবং সেটির অনুমোদন পেলেই বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান দায়িত্বটি গ্রহণ করবেন বলে জানানো হয়। এই সভায় নৌকা প্রতিকের প্রার্থীগণকে বিজয় দিতে সারা আমেরিকায় প্রবাসীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি মার্কিন রাজনীতিকদের কাছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের সঠিক চিত্র উপস্থাপনের লক্ষ্যে ১০১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির আহবায়ক হয়েছেন এম ফজলুর রহমান এবং যুগ্ম আহবায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, আব্দুর রহিম বাদশা, কাজী কয়েস, হিন্দাল কাদির বাপ্পাকে। সদস্য হচ্ছেন মোট ১০১ জন। একইসাথে আরো ৩টি উপ-কমিটির ঘোষণাও দেয়া হয়। এই সভার সংবাদ জেনে ক্ষুব্ধচিত্তে গভীর রাতে ৭ জনের নামে ‘কারণ দর্শানোর নোটিশ’ ইস্যু করেছেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাাদক আব্দুস সামাদ আজাদ। এম ফজলুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণার দাবি হাই কমান্ডে প্রেরণের আহবানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে সভা করায় সংশ্লিষ্টরা সংগঠনের নীতি ও গঠনতন্ত্র পরিপন্থি কাজ করেছেন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভাবমূর্তি বিনষ্ট করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭/ক ধারা অনুযায়ী এই নোটিশ প্রাপ্তির ১৪ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্যে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুমকি দেয়া হয়েছে। নোটিশে উল্লিখিত ধারাটি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ক্ষেত্রে কোনভাবেই প্রযোজ্য নয় বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। কারণ, এটি বাংলাদেশ আওয়ামী লীগের কোন শাখা সংগঠন নয়। তা হলে উল্লেখ থাকতো ‘বাংলাদেশ আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র শাখা।’ কথিত স্মারকের নোটিশের পরই একই স্মারকে আরেকটি নোটিশে এম ফজলুর রহমানের নাম যুক্ত করে ৮ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এই নোটিশে অবশ্য আব্দুস সামাদ আজাদকে সাধারণ সম্পাদক হিসেবে দেখানো হয়েছে।
ড. সিদ্দিক এবং সামাদ আজাদের ইস্যুকৃত নোটিশ প্রসঙ্গে সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে ১৭ অক্টোবর বলেন, সিংহভাগ সদস্য-কর্মকর্তা যাকে সভাপতি হিসেবে স্বীকারই করিনা, তার নোটিশ বা কথায় কী যায় আসবে। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাঠে রয়েছি, তার নির্দেশ অনুযায়ী মূলধারায় কাজ করছি। একইসাথে সামনের নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীগণের বিজয়ে কাজ করছি। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে একটি নির্বাচনী প্রচার কমিটি গঠিত হয়েছে। সুতরাং এখন আর পিছে ফিরে তাকানোর অবকাশ নেই। ফজলুর রহমান আরো জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী জননেত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের কাছে একটি চিঠি যাচ্ছে। সেটির অনুমোদন এলেই আমি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাজকর্ম চালাবো। এ প্রসঙ্গে সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন আরো জানান, নানাবিধ অসাংগঠনিক কর্মকান্ড এবং অনিয়ম ও নীতি-নৈতিকতা পরিপন্থি আচরণের জন্যে অনেক আগেই দলীয় নেতা-কর্মীগণের আস্থা হারিয়েছেন ড. সিদ্দিকুর রহমান। গত কয়েক বছরে তাকে বহুভাবে বিষয়টি জানানোর পর সম্মেলনের মাধ্যমে নয়া কমিটির প্রক্রিয়া অবলম্বনের অনুরোধেও আমরা সাড়া পাইনি।
এদিকে, ১৬ অক্টোবরের মতবিনিময়ে অংশগ্রহণকারি সকলে সামনের নির্বাচনে নৌকা প্রতিকের নিরঙ্কুশ বিজয়ে সাধ্যমত সোচ্চার থাকার সংকল্প ব্যক্ত করেছেন। নিকট আত্মীয় ছাড়াও প্রিয় পরিচিত প্রতিবেশীগণকে নৌকার পক্ষে উজ্জীবিত করতে এখন থেকেই যোগাযোগ করবেন বলে বক্তারা উল্লেখ করেন। বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। উন্নয়নের মহাসড়কে উঠেছে বাংলাদেশ। সেই গতি অব্যাহত রাখতেই সামনের নির্বাচনেও নৌকার বিজয়ের বিকল্প নেই।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার