
বিশেষ সংবাদদাতা | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে

স্টেট ডিপার্টমেন্টের সামনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশগ্রহণের আহবানে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভায় বক্তব্য দেন জাকারিয়া চৌধুরী। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির আলোকে ৩০ অক্টোবর সোমবার দুপুরে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে পরস্পর বিরোধী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি। এর ফলে সমগ্র কম্যুনিটিতে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে স্টেট ডিপার্টমেন্টের সামনে সোমবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা নাগাদ ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ এবং বিএনপির পক্ষ থেকে শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করার কথা বলা হচ্ছে। উভয় কর্মসূচিতেই নিউইয়র্কসহ বিভিন্ন স্টেট থেকে দলীয় নেতা-কর্মী-সমর্থকরা ডিসিতে জড়ো হবেন বলে নেতৃবৃন্দ জানান। ব্যক্তিগত গাড়ি ছাড়াও বাস ভাড়া করা হয়েছে লোকজনকে পরিবহনের জন্যে। উল্লেখ্য যে, এর আগে বিশ্বব্যাংকের কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের সময় সংস্থাটির বাইরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যেকার মারদাঙ্গা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবার ডিসি পুলিশ সতর্ক অবস্থায় থাকবে বলে জানা গেছে। স্টেট ডিপার্টমেন্টের সামনে কোন ধরনের অরাজক পরিস্থিতির অবতারণা করা হলেই পুলিশ যথাযথ পদক্ষেপ নিতে কালক্ষেপণ করবে না।
এদিকে, স্টেট ডিপার্টমেন্টের সামনের কর্মসূচিতে বিপুলভাবে অংশ নিয়ে বিএনপি-জামাত শিবিরের ধ্বংসাত্মক আচরণের তথ্য মার্কিন প্রশাসনসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করার আহবানে ২৮ অক্টোবর শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকারিয়া চৌধুরী। ভারপ্রাপ্ত সেক্রেটারি সুব্রত তালুকদারের সঞ্চালনায় এ প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম কলিন্স, মোর্শেদ খান বদরুল, হাজী জাহাঙ্গির আলম, বীর মুক্তিযোদ্ধা হুমায়ূণ কবীর, সমীরুল ইসলাম বাবলু, মোশারফ হোসেন, মশিউর রহমান, প্রবাল মির্জা, তথ্য সম্পাদক সৈয়দ রেজাউর রহমান তুহিন, ঝুমুর আকতার, অজিৎ ভৌমিক প্রমুখ।



