
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | ১০৫ বার পঠিত | পড়ুন মিনিটে

ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন ৫টি স্টেটে নিউইয়র্ক টাইমস/সিয়েনা কলেজ পরিচালিত সর্বশেষ জরিপে প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে অনেক বেশী এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। ২২ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত পেনসিলভেনিয়া, জর্জিয়া, মিশিগান, আরিজোনা এবং নেভাদা স্টেটে রেজিস্টার্ড ভোটারের মধ্যে পরিচালিত এ জরিপের ফলাফল রোববার প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, একইসাথে উইসকনসিন স্টেটেও জরিপ চালানো হয় এবং এই স্টেটেই শুধু বাইডেন এগিয়ে আছেন। আরো উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে এই ৬টি স্টেটেই বাইডেন বিজয় পেয়েছিলেন। জরিপ ফলাফলে দেখা যায়, এখনই যদি নির্বাচন হয় তাহলে ট্রাম্পকে ভোট দেবেন ৫২%। অপরদিকে বাইডেনের কথা বলেছেন ৪১%। এই দুটি সংস্থা গত আগস্টে সারা আমেরিকায় জরিপ চালিয়েছিল। সে সময় ডেমক্র্যাট এবং রিপাবলিকান পার্টির শীর্ষ দুই প্রার্থীর পক্ষে জনমত ছিল ৪৩% করে। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায়।
দু’মাসের ব্যবধানে বেশ কটি মামলায় ট্রাম্পকে ঘনঘন আদালতে হাজিরা দিতে হচ্ছে, নির্বাচনে অযোগ্য হতে পারেন ট্রাম্প-এমন অভিমতও পোষণ করছেন রাজনীতি ও সংবিধান বিশেষজ্ঞরা, এতদসত্বেও ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে। দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনেও ট্রাম্পকে বড় ধরনের বাধার সম্মুখীন হতে হবে না বলে জরিপ পরিচালনাকারীরা মন্তব্য করছেন।
অপরদিকে, নির্বাচনী অঙ্গিকারের তেমন কিছুই গত ৩ বছরে বাইডেন পূরণে সক্ষম হননি, অধিকন্তু ইসরায়েল-হামাস যুদ্ধে বাইডেনের অবস্থান ইতিমধ্যেই তার ভোট ব্যাংকে ভাঙন তৈরী করেছে। এর ফলে আদালতের নির্দেশে যদি ট্রাম্প অযোগ্য না হন তাহলে বাইডেনের পক্ষে পুনরায় জয়ী হওয়া খুবই কঠিন হয়ে পড়তে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করছেন।



