
বিশেষ সংবাদদাতা | শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রেসিডেন্সিয়াল আজীবন-সম্মাননা হাতে খলিলুর রহমান।
ইন্ডিয়ান, পাকিস্তানি, আফগান হিসেবে নয়, বাঙালি ফুডের ব্যাপক পরিচিতি ঘটাতে বাঙালি রেস্টুরেন্ট হিসেবে ব্যবসা চালাতে হবে। কারণ, বাঙালি রসনায় পরিপূর্ণ রান্না রুচিশীল সব মানুষেরই হৃদয় জয় করতে সক্ষম এবং এর বড় প্রমাণ হচ্ছে খলিল বিরিয়ানি হাউস। বাঙালি, ভারতীয়, পাকিস্তানি, মিসরীয়, মেক্সিকান, চায়নিজ, স্প্যানিশ, আমেরিকান সবাই খলিল বিরিয়ানিতে অভ্যস্ত হয়ে উঠেছেন। বহুজাতিক আমেরিকান সমাজে হাজার বছরের ঐতিহ্যমন্ডিত বাঙালি খাবারকে জনপ্রিয় করতে এখন প্রয়োজন সব রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঐক্য। সবাই যদি রেস্টুরেন্টের সাইন বাংলা নামে করি তাহলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এমন অভিমত পোষণ করেছেন নিউইয়র্কে জনপ্রিয় শেফ খলিলুর রহমান। মার্কিন মুল্লুকে বাঙালি-সন্তানরা মেধাগত এবং পেশাগতভাবে অনেক প্রশংসা কুড়িয়েছেন, কুড়াচ্ছেন। এ অবস্থায় কেন আমরা ইন্ডিয়ান নাম ধারণ করে রেস্টুরেন্ট ব্যবসা চালাবো এমন প্রশ্ন শেফ খলিলের। নিজের এগিয়ে চলার ধারাবিবরণী কালে বাংলাদেশি আমেরিকান খলিলুর রহমান আরও বললেন, খলিল বিরিয়ানির জনপ্রিয়তার রেশ ধরে খলিল স্পাইস কারখানা দিয়েছি বাংলাদেশে। সেখানকার মসলাপাতি হবে এই বিরিয়ানির স্বাদের পরিপূরক। আরও অনেক মসলা রয়েছে বাংলাদেশে। কিন্তু আমারটা হবে ভিন্ন রকমের। কারণ, অন্যেরা লোক হায়ার করে কারখানা চালাচ্ছেন, মসলা উৎপাদন করছেন। আমাকে লোক হায়ার করতে হবে না। নিজেই উৎকৃষ্টমানের মসলার জনক, সেই সংজ্ঞায় খলিল মসলা তৈরি হবে। রান্নাবান্নায় ব্যবহৃত অন্যসব উপাদানও তৈরি হবে আমার সেই কারখানায়। আর এভাবেই রন্ধনশিল্পী হিসেবে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত খলিলুর রহমান সারা বিশ্বে বাঙালির খাদ্যকে রুচিশীল সব মানুষের পছন্দের তালিকার শীর্ষে উঠাতে চান। বাইডেন বিরিয়ানির খ্যাতির সঙ্গে সঙ্গে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড লাভকারি শেফ খলিল এখন চাচ্ছেন বিশ্বের সেরা শেফদের সমন্বয়ে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ চালু করতে। আসছে মে মাসে এটি নিউইয়র্কে অনুষ্ঠিত হতে পারে বলে জানালেন রন্ধনশিল্পী হিসেবে বিশেষ খ্যাতি-অর্জনকারি খলিলুর রহমান। বাংলাদেশি আমেরিকান খলিলুর রহমানের ব্যবসায়িক উত্থান এবং অন্যান্য পরিকল্পনা নিয়ে গত রোববার বিস্তারিত একটি সাক্ষাৎকার নিয়েছে বাংলাদেশ প্রতিদিন। এখানে তার বিবরণী উপস্থাপন করা হলো। সাক্ষাৎকার গ্রহণকালে ব্রঙ্কসে খলিল বিরিয়ানিতে অনেকের সঙ্গে সপরিবারে দেখা গেল নিউইয়র্ক সিটি মেয়র অফিসের চিফ এডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশারকে। এলাকার আরও অনেকের মতো তিনিও মাঝেমধ্যেই আসেন এ রেস্টুরেন্টে। সেখানে আরও ছিলেন ব্রঙ্কস কম্যুনিটি বোর্ডের জনপ্রিয় মেম্বার শেখ শাহজাহান। তিনিও প্রশংসায় পঞ্চমুখ শেফ খলিলের।
মৃদুভাষী খলিল বললেন, অল্প সময়ের মধ্যেই আমাদের খাবার মানুষের পছন্দের শীর্ষে চলে আসে। খাদ্যপ্রেমী ও গ্রাহকদের ক্রমবর্ধমান পছন্দের ধারাবাহিকতায় মাত্র ৭ বছরের ব্যবধানেই খলিল বিরিয়ানি হাউসের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে একে একে যাত্রা শুরু করেছে আরও কয়েকটি প্রতিষ্ঠান। যার মধ্যে আছে খলিল হালাল চায়নিজ, খলিল সুইটস অ্যান্ড বেকারি এবং আমেরিকান ফাস্টফুড খলিল পিৎজা অ্যান্ড গ্রিল। শেফ খলিল আরও বললেন, এই স্বল্প সময়ের মধ্যে এমন সাফল্যের কারণে প্রায়শ আমি মানুষের কাছ থেকে একটি প্রশ্নের মুখোমুখি হই। অনেকেই আমার সফলতার রহস্য কি সেটা জানতে চান। আসলে রহস্য বলতে তেমন কিছু নেই। যা আছে, তা হলো প্রতিনিয়ত মানুষকে ভালো খাবার উপহার দেওয়ার চেষ্টা এবং শতভাগ সততা। কুলিনারিকে আমরা কখনো শুধু ব্যবসা হিসেবে দেখিনি। কারণ মুনাফা অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য নয়। এটি আমাদের কাছে একই সঙ্গে সেবা এবং শিল্প। মানুষকে শৈল্পিকভাবে সুস্বাদু ও মানসম্পন্ন খাদ্য সেবা দেওয়া আমাদের প্রধান উদ্দেশ্য। সেই উদ্দেশ্য বাস্তবায়নে আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। শুরু থেকেই আমরা এই তিনটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে এসেছি। কারণ এটি আমার কাছে যতটা না পেশা তার চেয়ে অনেক অনেক বেশি নেশা এবং ভালোলাগা। মানুষকে সুস্বাদু এবং ভালো খাবার পরিবেশনের নেশা থেকেই আমি এই পেশায় এসেছি। তা না হলে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অংকে অনার্স-মাস্টার্স করা এই আমার হয়তো অন্য পেশায় যাবার কথা ছিল। কিন্তু নেশা এবং নিয়তি আমাকে বানিয়েছে শেফ।
সাদা-মাটা জীবনযাপনে অভ্যস্ত এবং বিনয়ী খলিল বললেন, তবে আমি আমার আজকের এই অবস্থান নিয়ে সম্মানিত এবং গর্বিত। কারণ এই পেশা আমাকে দিয়েছে সম্মান, প্রতিষ্ঠা এবং অগণতি মানুষের ভালোবাসা। আর তাই প্রতিনিয়ত গ্রাহকদের সামনে নতুন নতুন খাবার নিয়ে হাজির হওয়ার ব্যাপারটিতে আমি রোমাঞ্চ অনুভব করি। ব্যাপারটি আমাকে আনন্দ দেয়।
প্রেসিডেন্ট বাইডেনের নামে ‘বাইডেন বিরিয়ানি’কে খলিল বিরিয়ানির অন্যতম ডিশে পরিণত করা প্রসঙ্গে শেফ খলিল বলেন, নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের অধিকাংশ মানুষই ডেমোক্র্যাট। সেই সুবাদে এখানকার নির্বাচিত প্রায় সব পর্যায়ের লোকজনের সঙ্গেই আমারও চমৎকার একটি সম্পর্ক রচিত হয়েছে। সবাই খলিল বিরিয়ানিতে আসেন, কথা বলেন, সভা-সমাবেশ ডাকেন। এই যে সম্পর্ক সে আলোকে জো বাইডেন যখন প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হলেন, তখন অনেকে অনেকভাবে তাকে অভিনন্দন জানাচ্ছিলেন। ব্যক্তিগতভাবে আমিও তেমন একটি প্রয়াসের অংশ হিসেবেই শেফ হিসেবে ব্যতিক্রমী একটি পন্থার ভাবনা থেকে ‘বাইডেন বিরিয়ানি’ চালু করি। এটি বাইডেনের প্রতি আন্তরিক যে ভালোবাসা আর শ্রদ্ধা তার নামান্তর। একই সঙ্গে বাইডেনের প্রতি বাঙালিদের যে অকুন্ঠ সমর্থন ছিল তা হোয়াইট হাউসকে জানানো। সেটি হচ্ছে ক্রিয়েশন, নট রেসিপি। এক্ষেত্রে ব্যবসায়িক কোনো স্বার্থের কথা ভাবিনি। নিউইয়র্কের স্টেট গভর্নর ক্যাথি হকের তার নির্বাচনি ক্যাম্পেইন শুরু করেন আমার এই রেস্টুরেন্ট থেকে বাইডেন বিরিয়ানির মাধ্যমে। সে সময় তিনি জানিয়ে গেছেন, যে কোনো প্রয়োজনে সহযোগিতায় কার্পণ্য থাকবে না। সিটি মেয়র এরিক এডামসও এসেছিলেন বাইডেন বিরিয়ানির খ্যাতি জেনে। কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া করটেজও আসেন এখানে। স্টেট সিনেটর, স্টেট অ্যাসেম্বলি, বরো প্রেসিডেন্ট, সিটি কাউন্সিলম্যানরা হরদম চলে আসেন। এটা সম্ভব হয়েছে বাইডেন বিরিয়ানি থেকে এবং সুস্বাদু রান্না স্বাস্থ্যসম্মত পরিবেশে পরিবেশনের ধারায়। এ সময় খলিলুর রহমান তার সবকটি কিচেন দেখালেন। খুব কম রেস্টুরেন্টের কীচেনই এত পরিষ্কার, সেখানে বসে খাবার খেতেও কষ্ট হবে না কারো।
যশোরের সন্তান খলিলুর রহমান যুক্তরাষ্ট্রে আসার আগে বাংলাদেশে পপুলার লাইফ ইন্স্যুরেন্সে খুলনা জোনের জেনারেল মানেজার ছিলেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মার্কেটিং ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি। ডিভি লটারিতে জয়ী হয়ে ২০০৮ সালে পরিবারসহ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানে ওঠার সময় একটি স্বপ্ন ছিল, সেটির কতটা কাছাকাছি পৌঁছতে সক্ষম হয়েছেন গত ১৫ বছরে? জবাবে শেফ খলিল বলেন, মানুষ স্বপ্ন নিয়েই বাঁচে। আমি তার ব্যতিক্রম নই। তবে আমার স্বপ্ন ছিল একটু ভিন্ন। এত বড় পরিসরে কোনো স্বপ্ন আমি দেখিনি তখন। আমেরিকায় একটি সুন্দর লাইফ লিড করব এমন ভাবনা ছিল। এতবড় ব্যবসাদার হব অথবা এত ভালো কিছু করতে সক্ষম হব তেমন স্বপ্ন দেখিনি। আল্লাহর রহমত এবং নিজের প্রচেষ্টা, কাজের প্রতি কনফিডেন্সে ভর করে এখন যতটা এসেছি তা স্বপ্নের চেয়েও অনেক কিছু।
শেফ খলিল জানালেন, অন্য সবার মতো নিউইয়র্কে এসে আমিও অডজব শুরু করেছিলাম। আজকের গুলশান টেরেস (ঢাকা ক্লাব) হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটিতে। ডিশ ওয়াশার হিসেবে কাজ শুরু করেছিলাম। ওখান থেকেই প্রবাসী জীবনের যুদ্ধ শুরু। এরপর আমি লেখাপড়া করেছি এনওয়াইইউ-তে, কালিনারি বিষয়ে মাস্টার্স করেছি। চার বছর স্টাডি এবং আরও ৫ বছর এই পেশার সঙ্গে জড়িত থাকার অভিজ্ঞতা থেকেই ছোট্ট পরিসরে আমার রেস্টুরেন্ট ব্যবসায় নামা।।
উদ্যমী ব্যবসায়ী শেফ খলিল বললেন, খলিল বিরিয়ানি এখন শুধু আমেরিকাতেই নয়, সারা বিশ্বে বাঙালি সমাজে পরিচিত ও সমাদৃত একটি নাম। এই খ্যাতি ধরে রাখার জন্য বেশ কিছু পরিকল্পনা রয়েছে আমার। এই ব্র্যান্ড-কে ফ্র্যাঞ্চাইজ করতে চাই। আমার এই যে অর্জন, তা লিপিবদ্ধ করে রাখতে চাই। যাতে আমার মত উদ্যমী মানুষেরা এই ধারা অনুসরণ করতে পারেন নিজের জীবিকার ক্ষেত্রে। বিশেষ করে আমি এই আমেরিকায় কালিনারী শিক্ষায় চার বছরের যে কোর্স সম্পন্ন করেছি সেই ধারা বাংলাদেশেও চালু করতে চাই। বাংলাদেশের মানুষ যাতে এই শিক্ষা নিয়ে বেকারত্ব দূর করে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং আর্থিকভাবে স্বয়ম্ভর হতে পারে, সে অভিপ্রায়ে আমি কাজ শুরু করেছি।
বাঙালি হিসেবে নিজের দায়বদ্ধতা থেকে আমি বাংলাদেশে একটি কারখানা করছি জানালেন শেফ খলিল। ‘আমার রেস্টুরেন্টের সাফল্যের নেপথ্যে যে রহস্য রয়েছে সেই ইনগ্রেডিয়েন্ট, রেসিপির সমন্বয় ঘটিয়ে মসলা ফ্যাক্টরি গড়ছি। সেটির নাম ‘খলিল স্পাইস’। জন্মভূমি যশোরে এটির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সামনের বছর এই কারখানা থেকে খলিল মসলা, খলিল রাইসসহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য বাজারজাত হবে ইনশাল্লাহ। সবমিলিয়ে একটি মহাপরিকল্পনা রয়েছে। আল্লাহ যদি সহায় হন তাহলে বাস্তবায়িত হবে, মানুষের কল্যাণে আরও অবদান রাখতে সক্ষম হব’ প্রত্যাশা খলিলুর রহমানের।
স্ত্রী এবং ৩ সন্তান নিয়ে এই ব্রঙ্কসেই বাস করছেন শেফ খলিল। সন্তানরা স্কুল-কলেজ-ভার্সিটিতে যাচ্ছেন। ‘স্ত্রী হচ্ছেন আমার ব্যবসার মনিটরিং অধিকর্তা। সন্তানরাও সময়-সুযোগ পেলেই রেস্টুরেন্টের খোঁজখবর নেয়’বললেন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারী শেফ খলিল। জানালেন, ২০১৫ সালে ৫ জন স্টাফ নিয়ে শুরু করেছিলাম খলিল বিরিয়ানি রেস্টুরেন্টের ব্যবসা। সময়ের ব্যবধানে এখন ৫টি রেস্টুরেন্টে কর্মচারির সংখ্যা ১০০ জনের মতো। দৈনিক প্রায় একশতটি আইটেমের খাবার তৈরি হচ্ছে। এরমধ্যে বিরিয়ানি হচ্ছে স্পেশাল। পাশাপাশি অন্যসব আইটেমও থাকে। ক্যাটারিংয়েও বিশেষ একটি সুনাম কুড়াতে সক্ষম হয়েছি। হোম ক্যাটারিং থেকে করপোরেট ক্যাটারিং সর্বত্র আমাদের সুনাম রয়েছে। তা ধরে রাখতে সবসময় সচেষ্ট থাকি। নিউইয়র্ক সিটির স্কুল, কলেজ, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানই খলিল বিরিয়ানি হাইসের নিয়মিত খদ্দের। রেস্টুরেন্টে কাস্টমার সার্ভ করার পাশাপাশি ক্যাটারিং আমাদের বড় একটি অবলম্বন। সিটি এবং ফেডারেলের তালিকাভুক্ত রেস্টেুরেন্টের অন্যতমও খলিল বিরিয়ানি।
কম্যুনিটির সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতার কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বললেন খলিলুর রহমান, এ যাবৎ শতাধিক সম্মাননা ক্রেস্ট, সাইটেশন, প্রক্লেমেশন জুটেছে আমার ভাগ্যে। সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন মার্কিন প্রেসিডেন্টের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং প্রফেশনাল সর্বোচ্চ সম্মান ‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড’ পেয়েছি ২০২২ সালে। বছরের সেরা শেফ হিসেবেও ইউএস সিনেট, কংগ্রেস, স্টেট, সিটির পাশাপাশি গত বছর বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সম্মানীত হয়েছি।
গ্রাহক সাধারণ এবং কম্যুনিটির উদ্দেশ্যে শেফ খলিল বললেন, সবাই আমার জন্য এবং পরিবারের জন্য দোয়া করবেন যে লক্ষ্য নিয়ে কাজ করছি তা যেন বাস্তবায়ন করতে পারি, এবং আমার আন্তরিক বিশ্বাস রয়েছে যে সবার সহযোগিতা-সমর্থন অব্যাহত থাকলে এই খলিল একদিন বাংলাদেশের সুনাম আরও সমুন্নত রাখার ক্ষেত্রে অ্যাম্বাসেডরে পরিণত হবে।
কম্যুনিটির রেস্টরেন্ট ব্যবসায়ীগণের উদ্দেশে খলিলুর রহমান বললেন, আমাদের একটা ঐক্য প্রয়োজন। আমাদের মিলেমিশে একত্রিত হয়ে বাংলাদেশি ফুডকে প্রমোট করার জন্য কাজ করতে হবে। শুধু ব্যবসার সমৃদ্ধির জন্য ইন্ডিয়ান ফুড, পাকিস্তানি ফুড অথবা অন্য ফুডের নাম না দিয়ে যদি বাঙালি ফুড হিসেবেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে বাঙালি সংস্কৃতি ও খাদ্যকে বিশ্ব দরবারে আরও মহিমান্বিত করতে সক্ষম হবো। আমার মতো সবাই একমত হয়ে যদি কাজ করেন তাহলে এই প্রত্যাশাও পূরণে সক্ষম হবো।
গত ৭/৮ বছরের বিরাট অগ্রগতির পরিপ্রেক্ষিতে কম্যুনিটির ব্যবসায়ীরা কী আপনার সঙ্গে যোগাযোগ করেছেন ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফরমে মিলিত হতে? জবাবে শেফ খলিল জানালেন, নিজ নিজ ব্যবসা-পরিবার নিয়ে সবাই ব্যস্ত থাকি, এরমধ্যেও আমি চেষ্টা করছি অন্যদের সঙ্গে যোগাযোগ রাখতে। এবং সবার মতামতের ভিত্তিতে সবাইকে নিয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ী/মালিকগণের সমন্বয়ে একটি সংগঠন গড়ার চেষ্টায় আছি। কেউ উদ্যোগটি নিলে আমিও সহযোগিতা করবো। পাশাপাশি আরও জানাতে চাই, এই কারি ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের জন্য গত বছর ঘোষণা দিয়েছি, ব্রটেনের মত আমেরিকাতেও ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ চালু করতে চাই, যারা ভালো করছেন তাদের মূল্যায়নের জন্য। বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে ভালো শেফদের যথাযথ মূল্যায়ন, সত্যিকারের রেস্টুরেন্ট ব্যবসায়ীগণের মূল্যায়ন করতে চাই। এভাবে সারা পৃথিবীর শেফদের যদি ঐক্যবদ্ধ করতে পারি, খ্যাতি অর্জনকারি রেস্টরেন্ট মালিকগণকে মূল্যায়ন করা সম্ভব হয়, এবং এক পর্যায়ে এক কাতারে শামিল হতে পারি তাহলে এই ব্যবসার প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে। আমি অতীতের মতো সামনের দিনেও গণমাধ্যমের সহযোগিতা আশা করছি যাতে আমেরিকান কারি অ্যাওয়ার্ড জাঁকজমকপূর্ণভাবে করতে সক্ষম হই।
ব্রঙ্কস কম্যুনিটি বোর্ডের মেম্বার শেখ শাহজাহান এ সময় বাংলাদেশ প্রতিদিনকে জানান, খলিলুর রহমানের মাধ্যমে বাঙালি খাদ্য যেমন বহুজাতিক এ সমাজে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, একইভাবে কম্যুনিটিও উপকৃত হচ্ছি। যে কোন অনুষ্ঠানাদিতে খুব সহজে তার কাছ থেকে জায়গা পাচ্ছি। নবাগতদের কর্মসংস্থানেও উদারতা দেখিয়ে আসছেন তিনি। রেস্টুরেন্টে কাজে অভিজ্ঞতা নেই-এমন লোকজনকেও নিজের রেস্টুরেন্টে কাজ দিতে কুন্ঠাবোধ করেন না তিনি। করোনাকালীন দুঃসময়ে খলিলুর রহমানের সাহসী ভ‚মিকা এবং লকডাউনে থাকা মানুষের জন্য নিজকে নিবেদিত রাখার কথাও স্মরণ করেন অনেক প্রবাসী।



