
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | ১১১ বার পঠিত | পড়ুন মিনিটে

সভাপতি তানভির মুরাদ ও সেক্রেটারি রাজিবুর রহমান।
নানা অভিযোগের মধ্যে ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত ভোটে বেইনের (বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড) ২০২৪-২০২৫ সালের জন্যে সভাপতি তানভির মুরাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজিবুর রহমান। নির্বাচন কমিশনের পক্ষে সাহাবউদ্দিন খান স্বাক্ষরিত ফলাফল অনুযায়ী অপর নির্বাচিতরা হলেন : সহ-সভাপতি-সাজ্জাদুর রহমান, সহকারি সাধারণ সম্পাদক-হাসিবুল আমিন, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক প্রিতম বড়ুয়া, কোষাধ্যক্ষ-ইবনুল হাসান ইপু, সহকারি কোষাধ্যক্ষ-সেলিমা চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক-মাহের নোহা আহমেদ, সহকারি সাংস্কৃতিক সম্পাদক-নাসরিন শাহরিয়ার, সমাজকল্যাণ সম্পাদক-ইশতিয়াক আহমেদ, ক্রীড়া সম্পাদক-নূর মোহাম্মদ, শিক্ষা সম্পাদক-মেরাজুল ইসলাম, সাহিত্য, মিডিয়া এবং প্রচার সম্পাদক-মাসুদ আকবর, এবং নির্বাহী সদস্য হলেন ইমতিয়াজউদ্দিন এবং আব্দুল কাদের। ভোটার ছিলেন ৬ হাজারের মত। উল্লেখ্য, এ নির্বাচনে সরাসরি দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এর একটি ছিল তানভির-শান্তা পরিষদ এবং অপরটি খোকা-রাজিব পরিষদ। সভাপতিসহ ১৩টি আসনে বিজয় পেয়েছে তানভির-শান্তা পরিষদের প্রার্থীরা।
সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন অপর পরিষদের প্রার্থীদ্বয়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অনিয়মের পাশাপাশি বিশেষ একটি প্যানেলের পক্ষে মাঠে নামার অভিযোগ উঠেছে। এ অভিযোগে খোকা-রাজিব পরিষদ প্রত্যাখান করেছে নির্বাচনী ফলাফল। তবে অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে, সাংগঠনিক রীতি অনুযায়ী সবকিছু করা হয়েছে। এজন্যে মাননীয় আদালতও নির্বাচনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেননি। ১৫ নভেম্বর কথিত নির্বাচনে পরাজিত সভাপতি প্রার্থী মাহবুবে খোদা খোকা বাংলাদেশ প্রতিদিনকে টেলিফোনে জানান যে, নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ এবং অনিয়মের পরিপ্রেক্ষিতে নতুন নির্বাচন দাবিতে আরেকটি মামলা হয়েছে। শীঘ্রই এই মামলার বিচারকার্য শুরু হবে। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর মামলার ভাগ্য নিয়ে কেউই আশাবাদি নন। আরো উল্লেখ্য, এই সংগঠনের আয়-ব্যয়ের হিসাব নিয়েও নানা অভিযোগ রয়েছে। হাজার হাজার ডলার নিয়মবহির্ভূতভাবে ড্র এবং খরচের গুঞ্জন রয়েছে সদস্যগণের মধ্যে। নতুন কমিটি এসব বিষয়ে মনোযোগী হবে বলে সদস্যগণের প্রত্যাশা। সর্বশেষ তথ্য অনুযায়ী, নির্বাচনী ফলাফল বাতিল করে নতুন নির্বাচন দাবিতে সোমবার সন্ধ্যা ৬টায় লীন সিটির ২ মার্কেট স্কোয়ারে সংবাদ সম্মেলন ডেকেছে খোকা-রাজিব পরিষদ। সেখান থেকে মামলার সর্বশেষ পরিস্থিতিসহ পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হতে পারে জানালেন ক্ষুব্ধ প্রার্থীরা।



