
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | ২০৩ বার পঠিত | পড়ুন মিনিটে

জাতিসংঘের সামনে বিএনপির বিক্ষোভে নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বিএনপির নিউইয়র্ক মহানগর দক্ষিন, নিউইয়র্ক স্টেট ও নিউইয়র্ক মহানগর উত্তরের সম্মিলিত উদ্যোগে ১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নিউইয়র্কে জাতিসংঘের সামনে বিক্ষোভ-সমাবেশ হয়। বাংলাদেশে এক তরফা নির্বাচনের তফসিল ঘোষনার প্রতিবাদ ও শেখ হাসিনার পদত্যাগের এক দফার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর জাতিসংঘ মহাসচিব বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিএনপি নেতা গোলাম ফারুক শাহীনের কাছে থেকে তা গ্রহণ করেন সহকারি মহাসচিবের দফতরের রাজনৈতিক সম্পর্কিত কর্মকর্তা জুন পিয়ন ( Jun Pyon is a Political Affairs Officer in the Office of the Assistant Secretary-General )। এ স্মারকলিপিতে জাতিসংঘের সহযোগিতা কামনা করা হয় বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্যে। দমন-পীড়ন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপও কামনা করা হয়েছে।
বাংলাদেশে বিএনপির কর্মসূচির পরিপূরক এবং চলমান আন্দোলনে আন্তর্জাতিক জনমত গঠনের অভিপ্রায়ে নিউইয়র্কে প্রায় প্রতিদিনই স্টেট ও মহানগর বিএনপি ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে বিক্ষোভ-সমাবেশ হচ্ছে। সর্বশেষ এ সমাবেশ অনুষ্ঠিত হয় নিউইয়র্ক স্টেট এবং মহানগর উত্তরের সহায়তায় নিউইয়র্ক মহানগর দক্ষিণের উদ্যোগে। সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সম্মিলিতভাবে পরিচালনা করেন বদিউল আলম, আনোয়ার জাহিদ এবং রিয়াজ মাহমুদ।
বিক্ষোভে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহম্মেদ, জিল্লুর রহমান এবং মিজানুর রহমান মিল্টন ভূইয়া। আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহিন, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক অলিউল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর উত্তরের আহবায়ক আহবাব চোধুরী খোকন, যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আবু সাইদ আহম্মেদ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন বদরুল হক আজাদ, আনিসুর রহমান, নাসিম আহমেদ, শহিদুল ইসলাম শিকদার, দেওয়ান কাউসার, আশরাফ হোসেন, মোতাহার হোসেন, হাফিজুর রহমান পিন্টু, জিনাত রেহানা, আমানউল্লাহ আমান, জিয়াউল হক মিশন প্রমুখ।
সমাবেশের সমাপনি বক্তব্যে সভাপতি সেলিম রেজা বলেন, এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই প্রবাসেও লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।



