
বিশ্ব ডেস্ক | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | ৮৪ বার পঠিত | পড়ুন মিনিটে

আমেরিকার সাধারণ জনগণের মধ্যে আগ্নেয়াস্ত্র সংগ্রহে রাখার ঝোঁক বাড়ছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি পরিচালিত সাম্প্রতিক এক জরিপ পর্যালোচনা করে জানা গেছে, দেশটির মোট জনসংখ্যার ৫২ শতাংশ অন্তত একটি বা একাধিক পিস্তল-রিভলবার কিংবা বন্দুকের মালিক।
শতকরা হিসেবে সাধারণ জনগণের মধ্যে বন্দুকধারী বা মালিকদের এই হার দেশটির ইতিহাসে সর্বোচ্চ। দিন দিন আগ্নেয়াস্ত্রের মালিকের সংখ্যা আরও বাড়ছে বলে জানিয়েছে এনবিসি।
সাধারণ মার্কিনিদের মধ্যে বন্দুকধারীদের হার বৃদ্ধির ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে গত এক দশক ধরে। ২০১৩ সালের এক সরকারি জরিপে দেখা গিয়েছিল, মোট জনসংখ্যার ৪২ শতাংশ একটি বা একাধিক আগ্নেয়াস্ত্রের মালিক।
কিন্তু তার ৬ বছর পর ২০১৯ সালের জরিপে দেখা যায়, সাধারণ মার্কিনিদের মধ্যে আগ্নেয়াস্ত্রের মালিকের হার পৌঁছেছে ৪৯ শতাংশে। বর্তমানে দেশটিতে আগ্নেয়াস্ত্রের মালিকের যে হার, তা দেশটির এজাবৎকালের ইতিহাসে সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি। রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যে অস্ত্র রাখার প্রবণতা বেশি। এনবিসির জরিপে যারা নিজেদের কাছে বা নিজেদের বাসাবাড়িতে অন্তত একটি বন্দুক রয়েছে বলে স্বীকার করেছেন, তাদের দুই তৃতীংশই রিপাবলিকান পার্টির সমর্থক।
জরিপে আরও জানা গেছে, তুলনামূলকভাবে শ্বেতাঙ্গদের চেয়ে কৃষ্ণাঙ্গদের মধ্যে বাড়ছে বন্দুক রাখার প্রবণতা। ২০১৯ সালে কৃষ্ণাঙ্গ ভোটারদের ২৪ শতাংশ আগ্নেয়াস্ত্রের মালিক ছিলেন। বর্তমানে সেই হার পৌঁছেছে ৪১ শতাংশে।



